ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাবে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দলের অন্দরে বড় ভাঙন প্রকাশ্যে এলো সোমবার। এদিন আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন দুই বিধায়ক। রবিবারই শাসকদল থেকে ইস্তফা দিয়েছিলেন বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌরমাজরা। সোমবার তাঁরা বিজেপিতে যোগ দেন। তাঁদের সঙ্গে যোগ দেন কুনওয়ার বিজয় প্রতাপ সিং। তিনি অমৃতসর উত্তর কেন্দ্রের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল আপের জন্য বড় ধাক্কা। বিশেষ করে নির্বাচনের কয়েক মাস আগে দলের তিন নেতার প্রস্থান পঞ্জাবের রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিজেপির মুখপাত্র জয়বীর শেরগিলের দাবি, আপ থেকে নেতাদের বেরিয়ে যাওয়ার ঘটনা সবে শুরু হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল থেকে আরও বড় সংখ্যায় নেতা বেরিয়ে আসতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেরগিল বলেন, আপের ভাঙন আরও বাড়বে। তাঁর কথায়, ‘এটাই বড় পতনের শুরু। ছবির বাকি অংশ এখনও দেখা বাকি।’ আপের নির্বাচনী প্রতীক ঝাড়ুর প্রসঙ্গ টেনে কটাক্ষও করেন বিজেপির এই মুখপাত্র। তাঁর দাবি, ঝাড়ুর কাঠিগুলির মতোই আপের সংগঠনও আলাদা হয়ে ছড়িয়ে পড়ছে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগেই দলটি সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।