ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। রবিবার দক্ষিণ ফ্লোরিডার একটি জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। ব্যক্তিগত বিমানটিতে ৯ জন যাত্রী ছিলেন। সকলকে নিয়ে আছড়ে পডড়ে উড়ানটি। ভূলন্ঠিত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সকলের মৃত্যু হয়।
রিপোর্ট অনুসারে, বিমানটি জনবহুল এলাকার উপর দিয়ে যাওয়ার সময় একটি ব্যস্ত সড়কের কাছে ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পায় আশপাশের বাড়িগুলি। দুর্ঘটনাস্থলের কাছেই ছিল চলন্ত গাড়ি। কয়েকটি গাড়ির ভিতর থেকে তোলা ভিডিওতে ধরা পড়েছে বিমানটির আছড়ে পড়ার দৃশ্য। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। রাস্তার পাশে তৈরি হয় বড় গর্ত। চারদিকে ছড়িয়ে পড়ে পিচ ও পাথরের টুকরো। প্রাণহানির আশঙ্কা থেকে গেলেও মাটিতে থাকা কারও মৃত্যু বা আহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে মেলেনি। পরিবহণ সচিব শন ডাফি সমাজমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে ভেঙে পড়ে ‘লিয়ারজেট ৬০’ বিমানটি। ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জাতীয় পরিবহণ নিরাপত্তা পর্ষদকে সহায়তা করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি দল।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও ঘটনাস্থলে যান। তিনি জানান, মাটিতে থাকা কারও মৃত্যু বা আহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার ভয়াবহতা বোঝাতে গিয়ে তিনি বলেন, বিমানটিকে ক্ষেপণাস্ত্রের মতো দ্রুত নীচে নেমে আসতে দেখা গিয়েছিল। রাস্তার পাশে আছড়ে পড়ে সেটি বড় গর্ত তৈরি করেছে।