ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কনভয়। একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে কনভয়ের পাঁচটি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কংগ্রেসের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা রয়েছেন। তবে রাহুল গান্ধী নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কনভয়ের পিছনের দিকে থাকা পাঁচটি গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক্সপ্রেসওয়ের ডান দিকের দ্রুতগতির লেনে ছিল অ্যাম্বুল্যান্সটি। অন্য লেনগুলিতে একাধিক গাড়ি কাছাকাছি অবস্থানে চলছিল। সংঘর্ষের জেরে একটি স্করপিও গাড়ির সামনের বনেট দুমড়ে যায়। ফুটেজে গাড়িটিকে অ্যাম্বুল্যান্সের সামনে থেমে থাকতেও দেখা গিয়েছে। সূত্রের খবর, এ দিন লখনউ বিমানবন্দরে অবতরণ করেন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁর কনভয় সুলতানপুরের উদ্দেশে রওনা দেয়। লখনউ থেকে সুলতানপুরের দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার। গন্তব্যে পৌঁছনোর প্রায় ৩৫ কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটে।
সুলতানপুরের একটি বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল রাহুলের। বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় এ দিন রায় ঘোষণার কথা ছিল। সেই কারণে আদালতে রাহুলের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০১৮ সালের ৪ অগস্ট সুলতানপুর জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা বিজয় মিশ্র রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বেঙ্গালুরুতে একটি প্রচারসভায় রাহুল অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় মানহানির মামলা। যদিও এই মামলায় এদিন আদালত রাহুলকে নির্দোষ ঘোষণা করেছে।