অর্পিতা মুখার্জী, কলকাতা: বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এখন আর দুর্বল নেই। প্রত্যেক ঘণ্টায় শক্তি বাড়িয়ে সে এগোচ্ছে অতি ভয়ঙ্কর ঝড়ের দিকে। আগামী দিনে অন্ধ্রের উপকূলে তার সরাসরি আঘাত পড়তে চলেছে। সেই ঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে বলে জানাল আলিপুর।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব সাগরে তৈরি হওয়া এই সিস্টেমটি ঘণ্টায় ৮ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর পশ্চিমে এগিয়ে যাচ্ছে। রবিবার রাত সাড়ে ১১টার পর সেটি গভীর নিম্নচাপে বদলে গিয়েছে। সোমবার সকালের রিপোর্ট অনুযায়ী, শ্রীবিজয়পুরম থেকে ৬৭০ কিলোমিটার পশ্চিমে, ত্রিনকোমালি থেকে ৬৩০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে, চেন্নাই থেকে ৭২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে রয়েছে এর কেন্দ্র।
সোমবার সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সেটি আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড় হবে। এরপর আরও দুদিন সমুদ্র থেকে শক্তি টেনে নিয়ে বৃহস্পতিবার রাতে অতি তীব্র রূপে অন্ধ্র উপকূলে আঘাত হানবে। সেই সময় বাতাসের গড় গতি ১২০-১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে। মাঝে মাঝে দমকা হাওয়ার গতিবেগ ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। দীর্ঘক্ষণ সমুদ্রে থাকার ফলেই ঝড়টি এতটা শক্তি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপাতত সমুদ্রে ৫০ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলছে। সাইক্লোন তৈরি হলেই সেই গতি আরও বেড়ে যাবে। তবে বুধবারের আগে বাংলার উপকূলে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। বুধবার থেকে রাজ্যে বৃষ্টি নামতে পারে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি শনিবার পর্যন্ত থাকতে পারে। উত্তরবঙ্গে এই সিস্টেমের কোনও প্রভাব পড়বে না। ওখানে আপাতত শুকনো আবহাওয়াই চলবে।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আগামী কয়েক দিনে তাপমাত্রায় তেমন বড় বদল আসবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।