ওঙ্কার ডেস্ক: আগামী নভেম্বর মাস পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। শুধু তাই নয়, ইতিমধ্যে এই প্রকল্পের জন্য টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজের জন্য এই কর্মসূচির আওতায় ৮০ কোটি টাকা দিয়েছে নবান্ন।
নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার জন্য প্রায় ৮০ কোটি টাকা ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৪ হাজার শিবির আয়োজিত হয়েছে। সূত্রের খবর, ১০ লক্ষ টাকার মধ্যে সমাধান করা যাবে এমন সমস্যাগুলি চিহ্নিত করা হয়ে গিয়েছে বেশ কিছু বুথে। জেলাভিত্তিক টাকা পাঠানোও শুরু করেছে নবান্ন। উল্লেখ্য, রাজ্যে মোট বুথ রয়েছে ৮০ হাজারের কিছু বেশি। গত ২ আগস্ট থেকে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি।
সূত্রের খবর, প্রায় ৮০০ বুথের জন্য টাকা ইতিমধ্যে দিয়েছে নবান্ন। পুজোর পর এই সমস্ত বুথে কাজ শুরু হয়ে যাবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে সমস্যা সমাধান করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সব মিলিয়ে এই কর্মসূচিতে ৮ হাজার কোটি টাকা খরচ করবে নবান্ন। প্রসঙ্গত, এলাকার সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় মানুষ যাতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন, সেটাই চাইছে রাজ্য সরকার। এই বিষয়টি মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে প্রতি শিবিরে উপস্থিত থাকছেন সরকারি আধিকারিকরা। তাঁদের কাছে নিজেদের এলাকার সমস্যার কথা জানাচ্ছেন এলাকার মানুষ।
