অর্পিতা মুখার্জী, নয়াদিল্লি: সরকারি চাকরি করেন আর গ্রেফতার হয়ে ৪৮ ঘণ্টার বেশি জেল হেফাজতে থাকলেন, মানেই আপনি সাসপেন্ড। এর জন্য আলাদা করে কোনও চিঠি বা নির্দেশ জারি করার দরকার নেই। বিহারের এক মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট।বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই মন্তব্য করেছে। শুধু তাই নয়, সাসপেনশন তুলে নিয়ে একই কর্মীকে আবার একই পদে, একই জায়গায় বসিয়ে দেওয়ায় বিহার সরকারকে কড়া প্রশ্নের মুখেও ফেলেছে শীর্ষ আদালত।
কী হয়েছিল বিহারে?
ঘটনাটা বিহারের সমষ্টিপুরের সদর হাসপাতালের। সেখানে প্রশাসনিক আধিকারিক হিসাবে কাজ করতেন বিশ্বজিৎ সিং। অভিযোগ, এক চুক্তিভিত্তিক কর্মীর বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য তিনি ঘুষ চেয়েছিলেন। বকেয়ার অঙ্ক ছিল ৩৬ হাজার ৪২১ টাকা। আর ঘুষ হিসাবে চাওয়া হয়েছিল ৪ হাজার টাকা। এই অভিযোগে ২০২৫ সালে দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারির পর প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন বিশ্বজিৎ। পরে দায়রা আদালত তাঁকে জামিন দেয়।
কিন্তু অভিযোগকারী সেই জামিন মানতে নারাজ ছিলেন। তিনি পাটনা হাইকোর্টে যান। ২০২৬ সালের ১ জুলাই হাইকোর্ট তাঁর জামিন বাতিল করে ফের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিশ্বজিৎ।
জামিন নিয়ে কী বলল শীর্ষ আদালত?
সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য, ঘুষের অঙ্কটা কত, জামিন দেওয়ার ক্ষেত্রে শুধু সেটাই দেখলে হবে না। দায়রা আদালত ঘুষের অঙ্ককে কম বলে মন্তব্য করেছিল। হাইকোর্ট চাইলে সেই মন্তব্যের সমালোচনা করতে পারত। কিন্তু প্রায় এক বছর পর জামিন বাতিল করে দেওয়ার কোনও প্রয়োজন ছিল না।
সাসপেনশন নিয়ে বড় পর্যবেক্ষণ
এই মামলায় সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় বিশ্বজিতের চাকরিতে ফেরা। বিচারপতি পারদিওয়ালা বলেন, কোনও সরকারি কর্মী গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাঁকে সাসপেন্ড বলেই ধরা হবে। এর জন্য আলাদা কোনও নির্দেশের প্রয়োজন নেই। আদালত জানায়, বিশ্বজিৎকে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল। পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এরপর তাঁকে আবার সেই একই হাসপাতালে, একই পদে বসানো হয়েছে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বিহার সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।