অর্পিতা মুখার্জী, কলকাতা: এক বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও পুরোপুরি মেলেনি হিসাব। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী। প্রাণ হারিয়েছিলেন ১১ জন। সেই জঙ্গি হামলার এক বছর পর এনআইএ দু’টি চার্জশিট জমা দিলেও এখনও অধরা মূল এক অভিযুক্ত। তদন্তকারীদের অনুমান, সে আফগানিস্তানে আত্মগোপন করে রয়েছে।
ওই অভিযুক্তের নাম মুজাফর আহমেদ রাথের। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নেওয়ার চেষ্টা চলছে। খুব শীঘ্রই তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
২০০১ সালে সংসদ ভবনে হামলা। ২০০৫ সালে দীপাবলির ঠিক আগে সরোজিনী নগর, পাহাড়গঞ্জ ও গোবিন্দপুরীতে ধারাবাহিক বিস্ফোরণ। ২০০৮ সালে দিল্লির বিভিন্ন বাজারে একের পর এক বিস্ফোরণ। ২০১১ সালে দিল্লি হাইকোর্টের সামনে বিস্ফোরণ — প্রতিবারই রক্তাক্ত হয়েছে রাজধানী। লালকেল্লার ঘটনা সেই ধারাবাহিকতারই নতুন অধ্যায় বলে মনে করছেন তদন্তকারীরা। পার্থক্য শুধু একটাই, এবার হামলার নেপথ্যে ছিল কাশ্মীর-ভিত্তিক একটি নতুন জঙ্গি নেটওয়ার্ক, যারা আফগানিস্তানকে নিজেদের আদর্শ ভূমি বলে মনে করত।
এনআইএ-র তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। লালকেল্লা বিস্ফোরণে জড়িত জঙ্গিরা প্রথমে আফগানিস্তানে গিয়ে বসতি গড়ার পরিকল্পনা করেছিল। তালিবান শাসিত আফগানিস্তানকে তারা একটি ‘প্রকৃত ইসলামিক রাষ্ট্র’ এবং পবিত্র ভূমি বলে মনে করত। সেই উদ্দেশ্যে ২০২২ সালের ১ থেকে ১৮ মার্চ তুরস্কে গিয়েছিল উমর উন নবী, মুজাম্মিল শাকিল এবং মুজাফর আহমেদ। তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ ছিল উকাশা নামে এক ব্যক্তির। পরে উকাশা তাদের সিরিয়ায় থাকা মহম্মদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। আফগানিস্তানে যাওয়ার ভিসার ব্যবস্থা করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা মেলেনি। ফলে ২২ মার্চ ভারতে ফিরে আসে তারা।
তদন্তকারীদের দাবি, এরপরই ভারতে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য তৈরি হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার গাজওয়াত-উল-হিন্দের অন্তর্বর্তী শাখা। আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের শাখা এই সংগঠন।
এনআইএ-র চার্জশিট অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল-মে মাসে শ্রীনগরের ঈদগাহে একটি বৈঠক করে উমর উন নবী, মুজাম্মিল শাকিল, মুজাফর আহমেদ-সহ কয়েকজন। সেখানেই সংগঠনকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত হয়। সংগঠনের প্রধান করা হয় ডা. আদিল আহমেদ রাথেরকে। উমর উন নবীকে দেওয়া হয় হামলার পরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব। সংগঠনের অর্থের দায়িত্বে ছিল মুজাম্মিল শাকিল।
এনআইএ জানিয়েছে, ২০২৫ সালের ১০ নভেম্বর গাড়িতে বিস্ফোরক বোঝাই করে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এই ঘটনায় মূল অভিযুক্ত উমর উন নবী-সহ মোট ১০ জনের নাম চার্জশিটে রয়েছে। উমর অবশ্য বিস্ফোরণেই মারা যায়। তদন্তে জম্মু-কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত এবং দিল্লি-এনসিআর এলাকায় তল্লাশি চালানো হয়েছে। ৫৮৮ জনের বয়ান, ৩৯৫টিরও বেশি নথি এবং ২০০-র বেশি নমুনা ও অন্যান্য সামগ্রীকে প্রমাণ হিসেবে জমা দিয়েছে এনআইএ।
তবে এক বছর পরেও মুজাফর আহমেদ অধরা থাকায় তদন্তে নতুন করে নজর রয়েছে তার উপর। তাকে ধরতে না পারলে এই মামলার অনেক প্রশ্নের উত্তর অধরাই থেকে যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।