ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের বালুচিস্তানে ফের সশস্ত্র বালুচ বিদ্রোহীদের দাপট। কয়েকদিন আগেই ‘অপারেশন বাম’ বা সূর্যোদয় অভিযান চালিয়ে প্রদেশের ১৭টি জেলায় একযোগে সেনা ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছিল বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও তাদের সহযোগী সংগঠনগুলি। তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার পাক পাঞ্জাবের ৯ বাসযাত্রীকে বেছে বেছে গুলি করে হত্যা করল বিদ্রোহীরা।
আন্তর্জাতিক সংবাদ সূত্রে খবর, বালুচিস্তানের জোহব এলাকায় একটি জাতীয় সড়কের উপর যাত্রীবাহী বাসটি আটকায় বিদ্রোহীরা। বাসটি কোয়েট্টা থেকে লাহোর যাচ্ছিল। যাত্রীদের বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখে পাক পাঞ্জাব প্রদেশের ৯ যাত্রীকে আলাদা করে হত্যা করা হয়। নিহতরা পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা ছিলেন। এখনও পর্যন্ত কোনও বালুচ গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তানের শীর্ষ সামরিক ও প্রশাসনিক পদে পাক পাঞ্জাবের প্রভাব থাকার কারণে বালুচ বিদ্রোহীদের আক্রোশ মূলত পাঞ্জাবি জনগোষ্ঠীর উপরই পড়ছে।
বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ বুগতি এই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, “ওরা বেছে বেছে পাকিস্তানি পরিচয়ের মানুষদের টেনে নামিয়ে খুন করেছে। জঙ্গিরা ফের কাপুরুষোচিত হামলার দৃষ্টান্ত দেখাল।” একইসঙ্গে বুগতি বলেন, “এটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জঙ্গিদের কঠিনভাবে দমন করা হবে।”
এর আগে মঙ্গলবার রাতে বিএলএফ এবং সহযোগী বিদ্রোহী গোষ্ঠীগুলি প্রদেশের সরকারি ভবন, সেনা ঘাঁটি ও মিলিটারি চেকপয়েন্টে বড় হামলা চালায়। বহু প্রশাসনিক ভবন গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে দেওয়ার দাবি করেছে তারা। এক বিবৃতিতে বিএলএফ মুখপাত্র মেজর গোয়াহরাম বালুচ বলেছেন, “বালুচ জাতীয় মুক্তি আন্দোলন যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু করেছে। স্বাধীনতা না পাওয়া পর্যন্ত এই অভিযান চলবে।” বিদ্রোহীরা দাবি করেছে, মাকরান উপকূল থেকে কোহ-ই-সুলেমান পাহাড়ি অঞ্চল পর্যন্ত একযোগে হামলা চালানো হয়েছে। সরকারিভাবে ক্ষয়ক্ষতি নিয়ে পাকিস্তান এখনও মুখ খোলেনি। তবে একের পর এক বিস্ফোরক হামলা ও সম্প্রতি বাসযাত্রী হত্যাকাণ্ডে ফের স্পষ্ট হয়ে গেল, বালুচিস্তানের বিক্ষোভ আর সীমাবদ্ধ নেই তা বড় ধরনের সশস্ত্র প্রতিরোধে রূপ নিচ্ছে।
আন্তর্জাতিক মহলও এই ঘটনার উপর কড়া নজর রাখছে। বিদ্রোহীদের দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও পাকিস্তান সরকারের বিরুদ্ধে তাদের লড়াই এক নতুন মোড় নিয়েছে।
