কুণ্ঠা
মিলি দাস
জানালার পাশে শরীর এলিয়ে দিলেই মধ্যরাতের চাঁদ ক্ষীণ আলো নিয়ে
বসে থাকে ডায়েরির পাতায়,
অ্যালামেন্ডা উঁকি দেয় অন্ধকার ছায়ার ভেতর।
পিতামহের আশীর্বাদের হাত উঁচু করলে মুখ তুলে মধ্য গগনের চাঁদ দেখি,
গ্রীবা নিচে নামাতেই
শুকনো শহরের উষ্ণতা আচ্ছন্ন করে আমায়,
অচেনা অনুরণনে প্রসাধন খুলতেই
অদৃশ্য বারান্দায় দাঁড়িয়ে দেখছি লজ্জিত দৃশ্যরা ভেসে যাচ্ছে ক্রমাগত।