সব শব
দিলীপকুমার প্রামাণিক
আমাদের সব শব জুড়ে গেঁথে থাকে
ঠকে ঠকে মরে যাওয়া সংসার চুল্লিতে,
যাদের বিলাস ছিল বেঁচে আছি ভেবে
তারা চোখ তুলে রাখে নির্জন নিহারিকার সাথে,
বিস্ময় বালক হয়ে
কষ্ট বিভাজিকা মন দুঃখ স্বাদ নিতে নিতে
হন্যে হয়ে খোঁজে নিজস্ব দালান,
দোষ দিতে, দোষ নিতে নিতে
গলে যায় দেহ সব, শবদেহ হয়ে পড়ে থাকে
সৎকারের ইছাহীন বাগানের কোনে,
তারপর ইচ্ছাকৃত ভুলগুলো প্রশ্নচিহ্ন নিয়ে
কষ্টবোধ ভরে তোলে চোখের ভিতর,
জল নেমে আসে চোখের দুকুলে
আমি জানি শব হয়ে যাবো একদিন
তবুও চালাকি করি,মিথ্যার আশ্রয় নিই
পদে পদে ঠকাই নিজেকে
ভুলগুলো লোভে ডুবে যায়
আমিও ডুবতে থাকি সব কিছু জেনে
মিথ্যার জঙ্গলে বিভ্রান্ত আশায়।