রাত্রি নিবিড় হলে
রবীন বসু
রাত্রি নিবিড় হলে খুলে যায় চাঁদের ডানা
স্তনবৃন্তে মুখ রেখে শুয়েছে জ্যোৎস্না
ওই দেখ, হিংসা করে রাতের তারারা, আর
ব্যর্থ প্রেমিক প্রেমিকা ! একটু পরে দুলে উঠবে
ক্রন্দসী আকাশ, ভূমণ্ডল, দূরের আজানা গ্রহ
সঙ্গমে লিপ্ত হবে চাঁদ আর জ্যোৎস্না—
আমরা যারা মৃতআত্মা, ঘোরাঘুরি করি উল্লম্ব
পুলকিত আনন্দ হাততালি সমন্বিত উল্লাস—
এইবার সংকীর্তন শুরু হবে দীর্ঘ অষ্টপ্রহর
বাগানের ওপাশে, বেড়ার ধারে শিয়াল ডাকে
যেন, খোল-কর্তালের আওয়াজ চাপা দিচ্ছে
সানাইয়ের বিষণ্ণ সুর ! মহাবোধি বুদ্ধিজীবী
পোশাকের রং পালটে নতুন সঙ্গমকথা লিখবে !
কোন্ ছন্দে জেনে নেওয়ার আগেই হঠাৎ আসা
উড়ন্ত মেঘ, চাঁদ ও জ্যোৎস্নাকে ঢেকে দেবে—
আর সেই লজ্জাবস্ত্রে ঢাকা পড়বে
আমাদের যাবতীয় অপ্রাপ্তি আর্তনাদ হাহাকারের চিৎকার !