দাগ
জয়িতা ভট্টাচার্য
বছর বছর জলের ওপর চলা
উল্টো হাওয়ায় নৌকোর পাল তোলা।
জলের বুকে দাগ পড়ে না তবু।
ছিটকে পড়ে হীরের মতো আলো
গাছের ছায়া,মায়ায় মিশে গেলো।
টোল পড়েছে রাঙা বউয়ের গালে
মলিন হাওয়ায় চুল গিয়েছে খুলে।
নৌকোর গায়ে জমছে জলের ছাপ।
পাটাতনের আঁধার গলির ধরে
বেরিয়ে আসছে কত জন্মের পাপ।
আলোর ওপর কালোর যত খেলা
স্রোতের ওপর মাস্তুলে সুর বাঁধা।
জলের ওপর এই যে ভেসে চলা
জীবনের গায়ে তার সবটুকু দাগ আঁকা।