ওঙ্কার ডেস্ক: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন কৌশলে নামল বিজেপি। তৃণমূলের ডিজিটাল প্রচারের পাল্টা জবাব দিতে এবার রাজ্য বিজেপি উদ্বোধন করল এক বিশেষ অনলাইন কর্মসূচি ‘নমো যুব যোদ্ধা’। শনিবার কলকাতায় এই প্রকল্পের সূচনা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান। তাঁর হাত ধরেই শুরু হচ্ছে রাজ্যজুড়ে এই নতুন ডিজিটাল অভিযান।
বিজেপির সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য রাজ্যের তরুণ প্রজন্মকে রাজনৈতিক আলোচনার মূল ধারায় টেনে আনা এবং ডিজিটাল মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমত তৈরি করা। কেন্দ্র থেকে সংগঠনের ডিজিটাল শাখা এই উদ্যোগের নকশা তৈরি করেছে। রাজ্যের প্রতিটি জেলার যুব মোর্চা সদস্যদের নিয়ে গঠন করা হবে একটি বিশেষ সোশ্যাল মিডিয়া দল, যারা বিজেপির ভাবনা, কর্মসূচি ও নীতিগত অবস্থান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।
দলের তরফে জানানো হয়েছে, আধুনিক রাজনীতিতে সামাজিক মাধ্যমই আজ জনসংযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি গ্রাম, শহর ও কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাই মূল উদ্দেশ্য। ইন্দ্রনীল খান বলেন, “তৃণমূলের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’-র জবাবেই আমরা ‘নমো যুব যোদ্ধা’ প্রকল্প শুরু করেছি। বাংলার তরুণদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং বিজেপির উন্নয়নমূলক ভাবনা জানাতে এই কর্মসূচি বড় ভূমিকা নেবে।”
রাজনৈতিক মহলে এই নতুন প্রচারকে ঘিরে শুরু হয়েছে চর্চা। পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যের দুই প্রধান দলই এখন ডিজিটাল যুদ্ধে নামছে। তৃণমূল যেখানে আগে থেকেই নিজেদের ডিজিটাল টিমকে মজবুত করেছে, সেখানে বিজেপি এই নতুন উদ্যোগের মাধ্যমে পাল্টা জবাব দিতে চাইছে।
দলীয় নেতারা বিশ্বাস করছেন, এই উদ্যোগ বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে। ডিজিটাল স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভোটারদের কাছে সরাসরি পৌঁছনোর পরিকল্পনাও তৈরি হচ্ছে।রাজনীতির নতুন এই ডিজিটাল অধ্যায়ে কে কতটা সফল হবে, তা সময়ই বলবে।
