ওঙ্কার ডেস্ক: উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে শোক প্রকাশ করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তারকনাথ চ্যাটার্জি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রয়াত নেতার দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেছেন তিনি। তারকনাথের কথায়, নদিয়া জেলার এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল মানুষ। দীর্ঘদিন ধরে নানা দায়িত্ব পালন করেছেন উজ্জ্বল বিশ্বাস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সময় থেকেই তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন। একনিষ্ঠ কর্মী হিসেবেই তাঁর পরিচিতি ছিল।
বিজেপি বিধায়কের মতে, দীর্ঘদিন মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন উজ্জ্বল বিশ্বাস। তাঁর মৃত্যু নদিয়া জেলা এবং রাজ্যের রাজনৈতিক পরিসরে অপূরণীয় ক্ষতি। প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা এবং প্রশাসনিক দায়িত্ব পালনের স্মৃতি নদিয়ার রাজনীতিতে উজ্জ্বল বিশ্বাসকে স্মরণীয় করে রাখবে।
উল্লেখ্য, বুধবার নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। রাজ্য সরকারের একাধিক দপ্তরের মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। দলের সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তবে রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে নানা বিতর্ক ও আইনি জটিলতার মুখে পড়েছিলেন এই প্রবীণ নেতা। রাজ্যে পালাবদলের পর প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর পর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন উজ্জ্বল বিশ্বাস। সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। গ্রেপ্তারের পর ত্রাণসামগ্রী সংক্রান্ত মামলার পাশাপাশি জমি দখল-সহ আরও কয়েকটি অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। প্রথম তিনটি মামলায় আদালত থেকে জামিন পান তিনি। কিন্তু প্রতিবারই অন্য মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে নেওয়া হয়। ফলে জামিন মিললেও জেল থেকে বেরোনোর সুযোগ হচ্ছিল না। একাধিক মামলায় আইনি লড়াইয়ের পর অবশেষে গ্রেপ্তারের ৪৯ দিন পর মুক্তি পান তিনি। ২৮ জুলাই সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস।