ওঙ্কার ডেস্ক: আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। বিলের পক্ষে সমর্থন দেওয়ার বিনিময়ে কেন্দ্র ও মহারাষ্ট্র—দুই জায়গাতেই ক্ষমতার অংশীদারিত্ব চাইছে শরদ পাওয়ারের এনসিপি (এসপি)। এমনই দাবি দলীয় সূত্রের। সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। আর সেই সমঝোতার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় সুপ্রিয়া সুলের জন্য মন্ত্রিত্বের দাবি তুলেছে দল।
আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভায় বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগেই সমঝোতা চূড়ান্ত করতে তৎপর দুই পক্ষ। সংসদে ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটির আগে দর কষাকষি চলছে বলে জানা গিয়েছে। শরদ পাওয়ারের মেয়ে তথা এনসিপি (এসপি)-র কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে বর্তমানে লোকসভার সাংসদ। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার দাবি জানাচ্ছে দলের নেতৃত্ব। উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোটের একাধিক প্রতিবাদ কর্মসূচিতে সুপ্রিয়া সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। নির্বাচনী অনিয়মের অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। তবে গত কয়েক দিনে ডিলিমিটেশনের ধারণার প্রতি তাঁর সমর্থনের কথা সামনে এসেছে।
শুধু কেন্দ্রীয় মন্ত্রিত্ব নয়, মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারেও ক্ষমতার ভাগ চাইছে শরদ পাওয়ারের দল। সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ দফতরের দাবি জানানো হয়েছে। পাশাপাশি আরও দু’টি প্রতিমন্ত্রীর পদও চাইছে দল। দলীয় সমীকরণ অনুযায়ী, এনসিপি (এসপি)-র বর্ষীয়ান নেতা জয়ন্ত পাটিলের হাতে অর্থ দফতরের দায়িত্ব যেতে পারে। অন্য একটি মন্ত্রিত্ব পেতে পারেন প্রবীণ নেতা জিতেন্দ্র আওহাদ। দলের অন্যান্য বিধায়কদের জায়গা করে দিতেই দুটি প্রতিমন্ত্রীর পদ চাওয়া হয়েছে বলে খবর। এদিকে, সুপ্রিয়া সুলেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার জন্য শরদ পাওয়ার আগ্রহী—এমন জল্পনাও ছড়িয়েছিল। তবে সেই দাবি নাকচ করেছেন সুপ্রিয়া নিজেই। তাঁর বক্তব্য, এই ধরনের খবরের কোনও ভিত্তি নেই।