অর্পিতা মুখার্জী, কলকাতা: ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বহু মানুষের মনে যে উদ্বেগ জমেছিল, তা কিছুটা কমল। আগামী মাসে বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর কাজ শুরু হওয়ার আগেই বিচারাধীন ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
শুক্রবারের বৈঠকের পর কমিশনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র বিচারপতির ই-সই না থাকার কারণে এখন আর কোনও ভোটারের নাম আটকে থাকবে না। অর্থাৎ, বিচার বিভাগীয় আধিকারিক কোনও ভোটারের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেও যদি ই-সই বাকি থাকে, তা হলেও সেই নামকে আর ‘বিচারাধীন’ তকমা দিয়ে ফেলে রাখা যাবে না।
নতুন নির্দেশ অনুযায়ী, এই ধরনের ক্ষেত্রে বিচারকের লিখিত নির্দেশকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরা হবে। সেই নির্দেশ পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। এরপর তিনিই নিয়ম মেনে ভোটার তালিকায় প্রয়োজনীয় সংশোধন করবেন।
এসআইআর চলাকালীন খসড়া তালিকায় বহু ভোটারের নামের পাশে ‘বিবেচনাধীন’ লেখা ছিল। খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, বেশ কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত হয়ে গেলেও শুধু ই-সই না হওয়ায় নামগুলি তালিকায় ওঠেনি। এবার সেই জট কাটল।
একই সঙ্গে আরও একটি বিষয় পরিষ্কার করেছে কমিশন। যেসব ক্ষেত্রে এখনও বিচার বিভাগীয় আধিকারিকরা কোনও সিদ্ধান্তই নেননি, সেখানে গোটা দায়িত্ব থাকবে ইআরও-দের হাতে। তাঁরা আইন মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ফলে এসএসআর শুরুর আগেই এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
তবে একটি ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে কমিশন। বিচারকের সিদ্ধান্তে নাম বাদ যাওয়ার পর যাঁরা আপিল করেছেন, তাঁদের বিষয়ে ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নতুন করে ফর্ম-৬ জমা নেওয়া যাবে না। ট্রাইব্যুনাল যদি বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে, তা-ই কার্যকর হবে।
সব মিলিয়ে, এসআইআরে নাম বাদ পড়া ভোটারদের ফের তালিকায় ফেরার পথ কিছুটা সহজ হল। এবার দেখার, এসএসআর শুরু হলে মাঠে নেমে এই নির্দেশ কতটা দ্রুত কার্যকর হয়।