ওঙ্কার ডেস্ক: ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী শিবিরে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। কেন্দ্রের প্রস্তাবিত এই বিল সংসদে ফের পেশ হলে তার পাশে দাঁড়াতে পারেন প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার। এমনই ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। জানা যাচ্ছে, নিজের অবস্থান জানাতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলেছেন এনসিপি (এসপি) প্রধান। বিলকে সমর্থন করার পিছনে দলের ঐক্য বজায় রাখার বাধ্যবাধকতার কথাও তিনি জানিয়েছেন বলে খবর।
১৯৯৯ সালে শরদ পাওয়ারের হাত ধরেই তৈরি হয়েছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। বর্তমানে সেই দলের একটি ছোট অংশের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সূত্রের দাবি, ৮৫ বছর বয়সি এই নেতা কংগ্রেসকে জানিয়েছেন, ডিলিমিটেশন বিলের বিরোধিতা করলে তাঁর দলের মধ্যে ভাঙন দেখা দিতে পারে। এনসিপি (এসপি)-কে ঐক্যবদ্ধ রাখতেই এই বিলের পাশে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি মনে করছেন। শুধু শরদ পাওয়ার নন, তাঁর মেয়ে তথা দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ সুপ্রিয়া সুলের বক্তব্যেও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। এর আগে বিলের বিরোধিতায় সরব থাকলেও এবার কিছুটা নমনীয় সুর শোনা গিয়েছে তাঁর কথায়। সংসদে বিলটি পেশ হওয়ার পর তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সুপ্রিয়া বলেন, প্রথমে বিলটি সংসদে আসুক। সম্পূর্ণ প্রস্তাব হাতে পাওয়ার পর তা নিয়ে আলোচনা করা হবে। দেশের স্বার্থে বিলটি ইতিবাচক হলে তাঁর দল সমর্থনও করতে পারে। তাঁর এই মন্তব্যকে দলের আগের অবস্থান থেকে উল্লেখযোগ্য সরে আসা বলেই মনে করা হচ্ছে।
পাশাপাশি সুপ্রিয়া স্মরণ করিয়ে দিয়েছেন, অতীতে জিএসটি এবং মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রেও বিরোধী দলগুলি সমর্থন জানিয়েছিল। ডিলিমিটেশন বিলের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এনসিপি (এসপি) নেতা জিতেন্দ্র আওহাদের বক্তব্যেও বিলের প্রতি সমর্থনের ইঙ্গিত স্পষ্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, অনানুষ্ঠানিক আলোচনায় শরদ পাওয়ার তাঁকে বলেছিলেন, নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাস প্রয়োজন। শরদ পাওয়ারের এই অবস্থান বিরোধী শিবিরের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কংগ্রেস দীর্ঘদিন ধরেই ইন্ডিয়া জোটের ঐক্যকে বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে তুলে ধরেছে। কিন্তু ডিলিমিটেশন বিল ঘিরে শরদ পাওয়ারের সম্ভাব্য অবস্থান সেই ঐক্যের ভিত কতটা মজবুত, তা নিয়ে সংশয় তৈরি করেছে।
কংগ্রেসের উদ্বেগ অবশ্য শুধু এনসিপি (এসপি)-কে ঘিরে সীমাবদ্ধ নয়। তাদের আশঙ্কা, আরেক প্রাক্তন সহযোগী দল ডিএমকেও অবস্থান বদল করতে পারে। তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের দলকে ছেড়ে বিজয়ের সরকার গঠনে কংগ্রেসের ভূমিকার পর এই জল্পনা আরও জোরালো হয়েছে।