ওঙ্কার ডেস্ক: সীমানা পুনর্বিন্যাস নিয়ে বিরোধী শিবিরে বড় ভাঙন। কেন্দ্রের আনা প্রস্তাবিত বিলে বিজেপি সরকারকে সমর্থনের কথা ঘোষণা করেছে শরদ পাওয়ারের দল। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে মহারাষ্ট্র কংগ্রেস।
শুক্রবারই এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) জানিয়ে দেয়, সংসদের বিশেষ অধিবেশনে সরকার যে সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত বিল আনতে চলেছে, তাতে তারা পাশে থাকবে। এই ঘোষণার পরেই পাওয়ার শিবিরকে একের পর এক আক্রমণ শানিয়েছে কংগ্রেস।
মহারাষ্ট্র কংগ্রেসের পরিষদীয় নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার সরাসরি পাওয়ারকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, পাওয়ার ক্ষমতার লোভে বিরোধী ঐক্য ভাঙছেন। অতীতেও তিনি নাকি বারবার সঙ্গীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
ওয়াদেত্তিওয়ারের কথায়, “পাওয়ারের এখন কোনও আদর্শ নেই। জল ছাড়া মাছের মতো অবস্থা হয়েছে তাঁর। আমরা তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। কিন্তু গণতন্ত্র ধ্বংসের ইতিহাস লেখা হলে সেখানে তাঁর নামও থাকবে। তাঁর দল যা করেছে, তা অত্যন্ত দুঃখজনক এবং ভুল।”
শুধু নেতাদের মন্তব্য নয়, সোশ্যাল মিডিয়াতেও পুরনো হিসেব তুলে ধরেছে মহারাষ্ট্র কংগ্রেস। দলের দাবি, চলতি বছরের শুরুতে রাজ্যসভা ভোটে নিজেদের আসনের দাবি ছেড়ে দিয়েই ৮৫ বছর বয়সি পাওয়ারকে ফের সংসদে পাঠাতে সাহায্য করেছিল কংগ্রেস।
কংগ্রেসের বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে মহারাষ্ট্রের ৭টি রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা ছিল। তখন এনসিপি (এসপি)-র হাতে ছিল মাত্র ১০ জন বিধায়ক। জিততে দরকার ছিল ৩৬টি ভোট। কংগ্রেসের ছিল ১৬ জন বিধায়ক, শিবসেনা (উদ্ধব) শিবিরের ছিল ২০ জন।
দলের দাবি, সুপ্রিয়া সুলে নিজে কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে গিয়ে বাবার জন্য সমর্থন চেয়েছিলেন। রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে নাকি কোনও দ্বিধা না করেই রাজি হয়েছিলেন। কংগ্রেস নিজের দাবি সরিয়ে নেয়। পরে শিবসেনা (উদ্ধব)-ও সমর্থন জানায়। মহা বিকাশ আঘাড়ি সর্বসম্মতভাবে পাওয়ারের নাম চূড়ান্ত করে।
এখন সেই পাওয়ার, সুপ্রিয়া সুলে ও তাঁদের দলই সীমানা পুনর্বিন্যাস ইস্যুতে বিজেপি সরকারের পাশে দাঁড়াচ্ছে বলে কটাক্ষ করেছে কংগ্রেস।
এদিকে, শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে থাকছে না এনসিপি (এসপি)। সংসদে জোটের কৌশল নিয়ে আলোচনার জন্যই ওই বৈঠক।
অন্যদিকে, কংগ্রেস বিলের বিরোধিতায় অনড়। শুক্রবার সন্ধ্যায় দলের বৈঠকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংখ্যা থাকুক বা না থাকুক, দল এই পদক্ষেপের বিরোধিতা করবে।
আগামী সোমবার সংসদ ফের বসলে বিলের সংশোধিত রূপ আনা হতে পারে। এপ্রিলে বিরোধীদের ঐক্যবদ্ধ বিরোধিতায় বিলটি আটকে গিয়েছিল। এবার সরকার সংখ্যার অঙ্ক মেলাতে মরিয়া। সেই অঙ্কে এনসিপি (এসপি)-র ৮ জন সাংসদ এবং ডিএমকে-র ২২ জন সাংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।
কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরমের ইঙ্গিত, সীমানা পুনর্বিন্যাসের পর সব রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানোর কেন্দ্রের আশ্বাসেই হয়তো ডিএমকে ও পাওয়ারের দলের অবস্থান বদলেছে।