ওঙ্কার ডেস্ক: তৃণমূলের অন্দরে ফের নতুন করে বিতর্ক। এবার দলের তপসিয়ার পুরনো কার্যালয় ঘিরে তৈরি হল উত্তেজনা। শুক্রবার নির্মীয়মাণ ওই ভবনে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। একই সঙ্গে বাইপাস থেকে কার্যালয়ে যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে শুরু হয়েছে নতুন আলোচনা। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় দলীয় ভবন নিয়ে একের পর এক পোস্ট ঘিরেই পরিস্থিতি জটিল হয়েছে।
তপসিয়ায় তৃণমূলের পুরনো ভবনে বর্তমানে নির্মাণকাজ চলছে। সেই কারণেই দলীয় কাজকর্ম চালানোর জন্য মেট্রোপলিটনে একটি নতুন কার্যালয়ে স্থানান্তরিত হয়েছিল দল। কিন্তু বর্তমানে সেই ভবনটি কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে, গত কয়েক দিন ধরে কালীঘাটের তৃণমূল শিবিরের একাংশ, মহিলা তৃণমূল এবং দলের আইটি সেলের তরফে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হচ্ছিল। সেখানে নির্মীয়মাণ পুরনো ভবনেই নিয়মিত দলীয় কাজকর্ম চালানোর আহ্বান জানানো হয়। নেতা-কর্মীদের সেখানে উপস্থিত থাকার বার্তাও দেওয়া হয়। শুধু অনলাইন প্রচারেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। ইতিমধ্যে ওই ভবনের নীচে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।
এরপরই শুক্রবার তপসিয়ার তৃণমূল কার্যালয়ে পৌঁছয় পুলিশ। প্রশাসনের তরফে ভবনটি সিল করে দেওয়া হয়। পাশাপাশি বাইপাসের দিক থেকে কার্যালয়ে প্রবেশের রাস্তাও ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ঘটনার খবর পৌঁছয় কালীঘাটের শিবিরে। এরপর শুক্রবার রাতে সেখানে যান দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং উত্তর কলকাতার জেলা সভাপতি কুণাল ঘোষ। তাঁদের উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় আনন্দপুর থানার পুলিশকর্মীরাও। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়। সূত্রের খবর, পুলিশের তরফে কালীঘাটের প্রতিনিধিদের জানানো হয়েছে, ভবনটির নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। ফলে সেটি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় পুরসভার শংসাপত্র থাকা বাধ্যতামূলক। কিন্তু এখনও সেই অনুমোদন মেলেনি। তাই নিয়ম মেনেই ভবনটি বন্ধ করে দেওয়া হয়েছে।