ওঙ্কার ডেস্ক: অন্য পুরুষের সঙ্গে প্রেমিকার সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকেই বচসা। আর তার জেরেই বেঙ্গালুরুর একটি বেসরকারি লজে প্রেমিকাকে ছুরি দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মৃত তরুণীর বয়স ২২ বছর। তিনি কেরলের বাসিন্দা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম গঙ্গা। অভিযুক্তের নাম গোকুল কৃষ্ণ। তাঁর বয়স ২৩ বছর। দু’জনের মধ্যে প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার তাঁরা বেঙ্গালুরুর একটি বেসরকারি লজে এসে ওঠেন। পরদিন সকালেই ঘটে ভয়াবহ ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শুক্রবার সকালে দু’জনের মধ্যে অন্য এক পুরুষকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করছিলেন গোকুল। এই বিষয় নিয়েই তাঁদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগের বশে ছুরি নিয়ে গঙ্গার উপর হামলা চালান অভিযুক্ত। তরুণীর শরীরের একাধিক জায়গায় ছুরির আঘাত লাগে। বিশেষ করে পেটের বাঁ দিকের নীচের অংশে গুরুতর ক্ষত তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। লজের ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখা যায় গঙ্গাকে। ঘরের খাট এবং সিঁড়িতেও রক্তের দাগ মিলেছে। হামলার ভয়াবহতা দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, গঙ্গা ও গোকুলের পরিচয় বেঙ্গালুরুর হর্ষা কলেজে নার্সিং পড়ার সময়। দু’জনেই সেখানে নার্সিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। গঙ্গা ছিলেন গোকুলের জুনিয়র। পড়াশোনার সময় থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দু’জনেরই আদি বাড়ি কেরলে।
নার্সিং কোর্স শেষ করার পর কাজের সন্ধানে তাঁরা বেঙ্গালুরুতে আসেন। গঙ্গা চাকরি খুঁজছিলেন। অন্যদিকে, গোকুল নার্সিং পড়তে ইচ্ছুক পড়ুয়াদের বিভিন্ন কলেজে ভর্তির ব্যবস্থা করার কাজে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের বক্তব্য, চাকরির খোঁজে গঙ্গাকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরুতে এসেছিলেন গোকুল। শুক্রবার সকালে দু’জনের মধ্যে বিবাদ বাধে। সেই সময়ই প্রেমিকাকে ছুরিকাঘাত করে খুন করেন তিনি।