ওঙ্কার ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কেবল বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না কেন্দ্র। বরং গোটা দেশেই এই আইন কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় আইন ও সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁর বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধির সাংবিধানিক ভিত্তি রয়েছে। তাই দেশের কয়েকটি রাজ্যের মধ্যে এই আইন আটকে রাখার কোনও কারণ নেই।
এক সাক্ষাৎকারে মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ইউসিসি কি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কার্যকর থাকবে? নাকি কেন্দ্রের পরিকল্পনা গোটা দেশে এই বিধি চালু করা? জবাবে মেঘওয়াল জানান, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সংবিধান প্রণেতারা আগেই বিশেষ বিধান রেখেছেন। সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে উল্লেখ রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টও বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেছে। মন্ত্রী আরও বলেন, কয়েকটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া ইতিবাচক পদক্ষেপ। গোয়ায় দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থা কার্যকর রয়েছে। এমনকি সেখানে বিজেপি ক্ষমতায় আসার আগেও এই বিধি চালু ছিল।
এরপরই কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেন মেঘওয়াল। তাঁর কথায়, দেশের সর্বত্র অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়া উচিত বলে মনে করে সরকার। সেই লক্ষ্য পূরণে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। বিধিটির সাংবিধানিক স্বীকৃতি থাকায় কয়েকটি রাজ্যের মধ্যে একে সীমাবদ্ধ রাখার কোনও যৌক্তিকতা নেই। উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি বিজেপির অন্যতম দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি। দলের নির্বাচনী ইস্তেহারেও বারবার এই বিষয়টি গুরুত্ব পেয়েছে। রাম মন্দির নির্মাণ এবং সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলোপের পর এবার ইউসিসি কার্যকরের দিকে বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরকারের অবস্থান জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, দেশের প্রত্যেক নাগরিকের জন্য একই ধরনের আইন চালু করা বিজেপির অন্যতম অঙ্গীকার। ২০২৯ সালের আগেই বিজেপি ও এনডিএ শাসিত ২১টি রাজ্যে এই বিধি কার্যকর করার লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছিলেন তিনি।