ওঙ্কার ডেস্ক: দীপাবলির আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে। বাড়ির বাইরে দাঁড়িয়ে বাজি ফাটাচ্ছিলেন এক যুবক। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২৭ বছরের এক কুস্তিগিরের। ঘটনাটি পাঞ্জাবের কপুরথালার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মণি। এলাকায় তিনি ‘পহেলওয়ান’ নামেও পরিচিত ছিলেন। কপুরথালার মহল্লা মেহতাবগড়ের বাসিন্দা ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় মণিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে।
মৃতের বাবা বাগ্গার দাবি, সম্প্রতি বিয়ে হয়েছিল তাঁর ছেলের। কারও সঙ্গে কোনও বিবাদ বা শত্রুতা ছিল না মণির। তা সত্ত্বেও কেন তাঁকে গুলি করে খুন করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গুলি চলার খবর আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এক পদস্থ পুলিশ আধিকারিক সাংবাদিকদের জানান, গুলির আঘাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য একাধিক পুলিশি দল গঠন করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মণির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তাঁর চার বোন রয়েছেন। সদ্য বিবাহিত যুবকের এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।