অর্পিতা মুখার্জী, কলকাতা: দু’দিনের ব্যবধানে মণিপুরে বিষমদ-কাণ্ড ভয়াবহ চেহারা নিয়েছে। শুক্রবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রাণ হারিয়েছেন কমপক্ষে এগারো জন। তিনশোর বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে ভর্তি। অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক।
চান্দেল জেলাতেই প্রথম অসুস্থতার খবর আসে। বুধবার থেকে শুরু হয়ে শুক্রবারের মধ্যে একের পর এক রোগী আসতে থাকেন ইম্ফলের হাসপাতালগুলিতে। জেলার পুলিশ সুপার আট মৃতের পরিচয় প্রকাশ করেছেন। তদন্তকারীদের দাবি, কেউ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কেউ চিকিৎসা চলাকালীন মারা গিয়েছেন।
শুক্রবার ইম্ফলের দুটি হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী য়ুমনাম খেমচাঁদ সিং। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন তিনি। তাঁর কথায়, চান্দেলে পাঠানো হচ্ছে বিশেষ চিকিৎসক দল। যাঁদের শরীর খুব বেশি খারাপ হয়নি, তাঁদেরও পরীক্ষা করা হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। বিষমদ বানানো ও বিক্রির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাকচিং জেলার সুগনু থেকে এই মদ আনা হয়েছিল। সুগনু থানা এলাকাতেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, অচেনা উৎস থেকে আসা দেশি মদ কোনওভাবেই পান করা যাবে না। বমি ভাব, পেটে ব্যথা, মাথায় যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা বা শ্বাস নিতে কষ্ট হলে দেরি না করে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে। যাঁরা এই মদ পান করেছেন কিন্তু এখনও অসুস্থ বোধ করছেন না, তাঁদেরও স্বাস্থ্যপরীক্ষার আওতায় আনা হচ্ছে।