ওঙ্কার ডেস্ক: মাত্র ২ হাজার ৩০০ টাকা আর একটা সোনার চেনের লোভে ঠাকুমাকে হত্যার অভিযোগ নাতির বিরুদ্ধে। জানা গিয়েছে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলার হুক্কেরি তালুকের আরালিকাট্টি গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্ত ভীমাপ্পা সানাদিকে গ্রেফতার করেছে যমকানমারাদি থানার পুলিশ। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে খবর, নিহত বৃদ্ধার নাম হাম্মাভভা সানাদি। বয়স ৭৮। গৃহলক্ষ্মী প্রকল্পের টাকার জন্য দীর্ঘদিন ধরেই ঠাকুমাকে চাপ দিচ্ছিল অভিযুক্ত নাতি। টাকা আদায়ের জন্য তাঁকে অত্যাচারও করত বলে অভিযোগ। এরপর গত ১০ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন হাম্মাভভা। ১৫ নভেম্বর হিডকল ড্যামের ব্যাকওয়াটার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বস্তায় ভরা ছিল দেহটি। ভিতরে পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যাতে দেহ জলে ডুবে যায়।
তদন্তে জানা গিয়েছে, রুপোর গয়না কিনে দেওয়ার কথা বলে ঠাকুমাকে মোটরবাইকে চাপিয়ে নিয়ে গিয়েছিল ভীমাপ্পা। প্রথমে কুন্দরাগি সোসাইটিতে নিয়ে গিয়ে তাঁকে দিয়ে টাকা তোলায়। তারপর নিয়ে যায় গাভি সিদ্ধেশ্বর পাহাড়ে। সেখানেই গলা টিপে খুন করা হয় বৃদ্ধাকে। অভিযোগ, খুনের পর বৃদ্ধার কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা নগদ আর সোনার চেন নিয়ে নেয় অভিযুক্ত। তারপর দেহ বস্তায় ভরে, ভিতরে পাথর ঢুকিয়ে মোটরবাইকে প্রায় ১৫ কিলোমিটার নিয়ে গিয়ে ড্যামের জলে ফেলে দেয়।
দেহ ফেলে দেওয়ার পর নিজেই ঠাকুমাকে খোঁজার নাটক করে ভীমাপ্পা। বাবা রামাপ্পা সানাদিকে জানায়, হাম্মাভভা নিখোঁজ। দু’দিন পর রামাপ্পা তাঁর বোনকে মায়ের নিখোঁজ হওয়ার কথা জানান। পরে অভিযুক্তই বাবাকে জানায়, ব্যাকওয়াটারে দেহ দেখা গিয়েছে। রামাপ্পা ছেলেকে নিয়ে গিয়ে দেহ তুলে আনেন। তারপর পুলিশকে জানানো হয়। অভিযুক্ত বাবার কাছে নিজের অপরাধ স্বীকার করেছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
জেরায় ভীমাপ্পা জানিয়েছে, গৃহলক্ষ্মী প্রকল্পের টাকার জন্যই ঠাকুমাকে খুন করেছে সে। খুনের আগে ও পরে অভিযুক্তের গতিবিধি খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, গৃহলক্ষ্মী প্রকল্প কর্নাটক সরকারের একটি গুরুত্বপূর্ণ কল্যাণমূলক প্রকল্প। ২০২৩ সালের অগস্টে চালু হয়। এই প্রকল্পে পরিবারের মহিলা প্রধানরা মাসে ২ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান।