স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা বজায় থাকলো । একইসঙ্গে তার অবসর জল্পনাও তৈরী হল। এদিন চিপকে সানরাইজার্স ম্যাচের বিরতিতে চেন্নাই দর্শকদের উদ্দেশ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাহি। প্রথম ইনিংস শেষ হওয়ার পর চেন্নাইয়ের সব ক্রিকেটার মাঠে আসেন ছবি তোলার জন্য। বাকিদের সঙ্গে এগিয়ে আসেন ধোনিও। তাঁকে দেখেই ফেটে পড়ে চিপক। ধোনিও হাত নাড়াতে থাকেন সমর্থকদের উদ্দেশে। গ্যালারিতে সেই মুহূর্তের সাক্ষী ছিলেন ধোনির স্ত্রী এবং তাঁদের সন্তান। চলতি মরশুমের আগে ধোনিকে ‘আনক্যাপড প্লেয়ার’ হিসেবে দলে ধরে রেখেছিল সিএসকে। মূলত তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার দায়িত্বের জন্যই তাঁকে ভাবা হয়েছিল।চোটের কারণে পুরো মরশুমেই মাঠের বাইরে থাকতে হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। ব্যাট হাতে নামা তো দূরের কথা, উইকেটকিপিং গ্লাভসও পরতে দেখা যায়নি তাঁকে। লিগ পর্বে সিএসকের আর মাত্র একটি ম্যাচ বাকি। এর মাঝেই ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। এ বিষয়ে প্রশ্ন করা হলে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং স্পষ্ট কোনও উত্তর দেননি। বরং তিনি জানান, ধোনির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্টই।
ফ্লেমিং বলেন, ”এই সিদ্ধান্ত পুরোপুরি ম্যানেজমেন্টের। ধোনিকে নিয়ে অনেক আলোচনা চলছে, সেটা আমি জানি। যদিও ও খেলেনি, তবুও পুরো মরশুমে দলের সঙ্গে থেকেছে এবং তরুণ ক্রিকেটারদের জন্য ওর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ড্রেসিংরুমে ওর প্রভাব এখনও বিশাল।”
তিনি আরও বলেন, ”আমরা কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছি, যারা ভবিষ্যতে সিএসকের গুরুত্বপূর্ণ মুখ হতে পারে। তবে শেষ পর্যন্ত ফলাফল দিয়েই বিচার হবে, সেটাই স্বাভাবিক।”

পুরো মরশুম জুড়েই ধোনির খেলা নিয়ে রহস্য বজায় ছিল। সিএসকে ম্যানেজমেন্ট বারবার জানিয়েছে, তিনি চোটগ্রস্ত। যদিও অন্য একটি মতও সামনে এসেছে, ইচ্ছাকৃতভাবেই নাকি নিজেকে মাঠের বাইরে রেখেছেন ধোনি, যাতে তরুণরা বেশি সুযোগ পায়।
এদিকে সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ধোনির ফেরার সম্ভাবনার খবর সামনে আসতেই মত দেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে, এই সময় তরুণদেরই আরও বেশি সুযোগ দেওয়া উচিত।এদিন চেন্নাই সানজার্স ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।