নিজস্ব সংবাদদাতা, নৈহাটি: সপ্তাহান্তে বড়সড় ব্লক নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনে ডাউন লাইন এবং ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় ৭ ঘণ্টা ধরে চলবে এই ব্লক। এর জেরে শনিবার ও রবিবার মিলিয়ে বাতিল করা হয়েছে ২৭টিরও বেশি লোকাল ট্রেন, সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের যাত্রাপথ।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লক শুরু হবে ৩১ অক্টোবর, শনিবার রাত সাড়ে ১০টা থেকে। চলবে ১ নভেম্বর, রবিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত।
শনিবার যেসব ট্রেন বাতিল:
এদিন শিয়ালদহ-রানাঘাট শাখার ৩১৬২৯, ৩১৬৩১, ৬৩১১১ আপ এবং ৩১৬৩২, ৩১৬৩৪ ডাউন বাতিল থাকবে। শিয়ালদহ-শান্তিপুর শাখার ৩১৫৩৯, ৩১৫৪১ আপ ও ৩১৫৩৮, ৩১৫৪২ ডাউন চলবে না। এছাড়াও বাতিল থাকছে ৩১৮৪১ আপ ও ৩১৮৪৪ ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, ৩১৯২৯ ও ৩১৯২৮ শিয়ালদহ-গেদে লোকাল, ৩১১৯২ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল এবং ৩৩৪৩১ ও ৩৩৪৩২ শিয়ালদহ-বহরমপুর কোর্ট প্যাসেঞ্জার। শিয়ালদহ-দত্তপুকুর লোকালও এদিন বন্ধ থাকবে।
রবিবার যেসব ট্রেন বাতিল:
রবিবার বাতিল থাকবে ৩১১৯১ নৈহাটি-শিয়ালদহ, ৩১৬১১ ও ৩১৬১২ শিয়ালদহ-রানাঘাট, ৩১৫১১ ও ৩১৫১২ শিয়ালদহ-শান্তিপুর, ৩১৮১১ ও ৩১৮১২ শিয়ালদহ-কৃষ্ণনগর এবং ৩১৯১১ ও ৩১৯১২ শিয়ালদহ-গেদে লোকাল।
যাত্রাপথ সংক্ষিপ্ত:
শুধু বাতিলই নয়, বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও কাটছাঁট করা হয়েছে। ৩১ অক্টোবর ৬৩১০৬ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেনটি শিয়ালদহ না গিয়ে রানাঘাটেই যাত্রা শেষ করবে। ৩১ অক্টোবরের ৩১৩৪১ এবং ১ নভেম্বরের ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল দু’টি কল্যাণী সীমান্তের বদলে নৈহাটিতেই শেষ হবে। আবার ১ নভেম্বরের ৩১৩১২ ও ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি থেকেই ছাড়বে। একইভাবে ১ নভেম্বরের ৫৩১৭১ আপ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার লালগোলার বদলে কাঁচড়াপাড়ায় যাত্রা শেষ করবে।
ব্লকের জেরে যাত্রী ভোগান্তি এড়াতে আগেভাগেই স্টেশনে এসে ট্রেনের সময় দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।