ওঙ্কার ডেস্ক: কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ বইয়ে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে করা মন্তব্যের জেরে আইনি নোটিস পাঠালেন তাঁর নাতি সত্যকি সাভারকর। নিঃশর্ত ক্ষমা, ব্যাখ্যা এবং ভুল সংশোধনের দাবি জানানো হয়েছে ওই নোটিসে।
আইনজীবী সংগ্রাম কোলহাটকরের মাধ্যমে পাঠানো নোটিসে বলা হয়েছে, বইয়ের ২০১ এবং ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকরকে নিয়ে যে বক্তব্য রয়েছে, তা তথ্যগতভাবে ভুল, ইতিহাসের দিক থেকে বিভ্রান্তিকর এবং তাঁর সুনাম ও উত্তরাধিকারের পক্ষে ক্ষতিকর। বইয়ে সাভারকরের জীবন ও ভাবনাকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এমতাবস্থায় নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে দাবি মানতে হবে বলে জানানো হয়েছে। তা না হলে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের কাছে আইনি পদক্ষেপ করার কথা বলা হয়েছে।
২০১ নম্বর পৃষ্ঠার যে অংশ নিয়ে আপত্তি তোলা হয়েছে, তাতে লেখা রয়েছে, কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশ শাসকদের হাতে মার খাচ্ছিলেন এবং জেলে বন্দি ছিলেন, তখন আরএসএস-এর বরিষ্ঠ মতাদর্শগত নেতা বিনায়ক দামোদর সাভারকরের মতো ব্যক্তিরা ঔপনিবেশিক প্রভুদের কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন লিখছিলেন। এবং তাঁদের সদস্যরা ব্রিটিশ কর্তৃপক্ষকে সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করছিলেন।
এরপর ৪৪৩ নম্বর পৃষ্ঠায় লেখা অংশ নিয়েও আপত্তি জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গান্ধীজির সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকর, যিনি হিন্দুত্ব নামে পরিচিত মতাদর্শের প্রতিষ্ঠাতা, তাঁর ভিন্ন ধারণা অনুযায়ী ভারত মূলত এমন একটি দেশ যেখানে হিন্দুরা সর্বোচ্চ। আরএসএস, বিজেপি এবং তাদের অসংখ্য সহযোগী সংগঠন, যাদের একসঙ্গে ‘সঙ্ঘ পরিবার’ বলা হয়, এই দৃষ্টিভঙ্গিকেই সমর্থন করে।
নোটিসে বলা হয়েছে, ২০১ নম্বর পৃষ্ঠার বক্তব্য থেকে এমন ধারণা তৈরি হয় যে, সাভারকর ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের তথ্য দিয়েছিলেন বা তাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন। এই ইঙ্গিতকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। সাভারকরের কারাবাস, আবেদন এবং রাজনৈতিক কার্যকলাপকে যে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখা উচিত, তা এখানে বিবেচনা করা হয়নি বলে দাবি করা হয়েছে।
নোটিসে আরও মনে করিয়ে দেওয়া হয়েছে, সাভারকর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে দীর্ঘ কারাবাস এবং চরম কষ্ট ভোগ করেছেন। আন্দামানের সেলুলার জেলেও তাঁকে বন্দি থাকতে হয়েছিল। কারাবাসের সময় দেওয়া আবেদনগুলির প্রেক্ষাপট, ঐতিহাসিক পটভূমি এবং পারিপার্শ্বিক ঘটনা না দেখে শুধু আবেদনের উল্লেখ তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামের অসম্পূর্ণ এবং বিকৃত ছবি তুলে ধরে বলে অভিযোগ করা হয়েছে।
৪৪৩ নম্বর পৃষ্ঠার বক্তব্য নিয়েও আপত্তি জানানো হয়েছে। সেখানে সাভারকরের রাজনৈতিক ও মতাদর্শগত দর্শনকে ভুলভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি। তাঁর ভারত-ভাবনাকে এমনভাবে দেখানো হয়েছে, যেখানে হিন্দুরা সর্বোচ্চ।
প্রসঙ্গত, এর আগে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাও সনিয়া গান্ধীর বইয়ে সাভারকরকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিল। দলের নেতারা প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে বিতর্কিত অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন। এবার সেই উত্তাপেই ঘি ঢেলে মাঠে নামলেন খোদ সাভারকারের নাতি।