ওঙ্কার ডেস্ক: বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে এবং আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অসুস্থ হয়ে যাওয়ায় মঙ্গলবার তাঁর কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে ঠিক কী কারণে রাজ্যপাল অসুস্থ হয়ে পড়লেন তা এখনও স্পষ্ট নয়।
মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সেখানে তাঁকে দেখতে যান রাজ্যপাল। এদিন ময়নাগুড়িতে বন্যা ও বৃষ্টিবিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার কথা ছিল রাজ্যপালের। তবে আচমকা অসুস্থ হয়ে পড়ায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, টানা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। বহু রাস্তায় ধস নেমে জন জীবন কার্যত থমকে গিয়েছে। দুর্যোগের ফলে মৃত্যু হয়েছে কম করে ২৮ জনের। এই পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গ পরিদর্শনে যাওয়ার পথে জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে শিলিগুড়িতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাজ্যপাল তাঁর খোঁজখবর নেওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করেন। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে হার্টে ব্লকেজ ধরা পড়েছিল সিভি আনন্দ বোসের। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা ২৩ দিন চিকিৎসাধীন ছিলেন রাজ্যপাল। মে মাসে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাজভবনে ফেরেন। সে সময় প্রথমে তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমে সুস্থ হয়ে ওঠেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
