ওঙ্কার ডেস্ক: হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল এক বার ড্যান্সারকে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে কলকাতার আনন্দপুরে। ঠিক কী কারণে ওই তরুণীর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তরুণীর নাম শ্রেয়া বর্মা। পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা তিনি। রবিবার রাতে এক পুরুষ বন্ধুর সঙ্গে তিনি সময় কাটান। দুজনে মদ্যপান করেন বলে জানা গিয়েছে। এর পর সোমবার তরুণীর বন্ধুটি হোটেল থেকে বেরিয়ে যান। অসুস্থ বোধ করায় ওই তরুণী ফোন করে পুরুষ বন্ধুটিকে ডাকেন। ওই যুবকই তড়িঘড়ি হোটেলে এসে সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁকে উদ্ধার করে কলকাতার এক হাসপাতালে নিয়ে যান। অচৈতন্য অবস্থায় থাকা ওই তরুণীকে চিকিৎসকরা সেখানে মৃত বলে ঘোষণা করেন।
শ্রেয়ার মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি বলে দাবি পুলিশের। তবে কী কারণে তাঁর মৃত্যু হল গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপান করার কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তরুণীর পুরুষ বন্ধুটির বাড়ি কলকাতার তিলজলা এলাকায়। ঘটনার বিষয়ে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।
