ডায়াবেটিস শুধু শরীরের অন্যান্য অঙ্গ নয়, চোখের দৃষ্টিশক্তির উপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে চোখের পিছনে অবস্থিত আলোকসংবেদনশীল পর্দা বা রেটিনার সূক্ষ্ম রক্তনালিগুলি ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যাকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি (Diabetic Retinopathy)। সময়মতো চিকিৎসা না করালে এটি স্থায়ী দৃষ্টিশক্তি হ্রাস, এমনকি অন্ধত্বের কারণও হতে পারে।
রেটিনার কী কী ক্ষতি হয়?
ডায়াবেটিসের কারণে রেটিনার ছোট ছোট রক্তনালি দুর্বল হয়ে যায়। সেখান থেকে রক্ত ও তরল পদার্থ চুঁইয়ে বেরিয়ে রেটিনায় ফোলাভাব তৈরি হতে পারে। বিশেষ করে ম্যাকুলা আক্রান্ত হলে কাছের ও দূরের জিনিস স্পষ্ট দেখতে অসুবিধা হয়। অনেক সময় রেটিনায় নতুন অস্বাভাবিক রক্তনালি তৈরি হয়, যা সহজেই ফেটে গিয়ে চোখের ভিতরে রক্তক্ষরণ ঘটাতে পারে। পরবর্তী পর্যায়ে রেটিনায় দাগ বা টান সৃষ্টি হয়ে রেটিনা বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও থাকে।
ডায়াবেটিক রেটিনোপ্যাথির লক্ষণ
প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনও লক্ষণ বোঝা যায় না। তবে রোগ বাড়লে দেখা দিতে পারে— ১. চোখে ঝাপসা দেখা। ২. চোখের সামনে কালো দাগ, বিন্দু বা মাকড়সার জালের মতো ভাসমান কিছু দেখা। ৩. সোজা জিনিস বাঁকা দেখা। ৪. পড়াশোনা বা বই পড়তে অসুবিধা। ৫. রাতের বেলায় কম দেখা। ৬. হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া।
কীভাবে চিকিৎসা ও উপশম সম্ভব?
রোগের পর্যায় অনুযায়ী চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসা নির্ধারণ করেন। প্রয়োজনে চোখের ভিতরে অ্যান্টি-ভিইজিএফ (Anti-VEGF) ইনজেকশন, লেজার চিকিৎসা অথবা ভিট্রেকটমি অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে রোগের অগ্রগতি কমানো সম্ভব। মনে রাখতে হবে, ঘরোয়া উপায় বা শুধু চোখের ড্রপ দিয়ে এই রোগ সারানো যায় না।
ডায়াবেটিস রোগীদের কী কী সতর্কতা প্রয়োজন?
রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
HbA1c নিয়ন্ত্রণে রাখুন।
রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন করুন।
সুষম খাবার খান এবং নিয়মিত শরীরচর্চা করুন।
বছরে অন্তত একবার চোখের মণি বড় করে রেটিনা পরীক্ষা (Dilated Fundus Examination) করান। নতুন করে ডায়াবেটিস ধরা পড়লেও দ্রুত রেটিনা পরীক্ষা করানো জরুরি।
চোখে কোনও সমস্যা না থাকলেও পরীক্ষা বন্ধ করবেন না।
হঠাৎ চোখে অনেক কালো দাগ দেখা, আলোর ঝলকানি, পর্দা নেমে আসার মতো অনুভূতি বা দৃষ্টিশক্তি দ্রুত কমে গেলে অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের কাছে যান।
ডায়াবেটিস থাকলেই যে দৃষ্টিশক্তি নষ্ট হবে, এমন নয়। সঠিক খাদ্যাভ্যাস, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং নিয়মিত রেটিনা পরীক্ষার মাধ্যমে অন্ধত্বের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। তাই মনে রাখবেন, চোখে সমস্যা হওয়ার অপেক্ষা নয়, ডায়াবেটিস ধরা পড়ার পর থেকেই চোখের যত্ন নেওয়া উচিত। আপনার চোখকে ভালো রাখার দায়িত্ব আপনারই।