ওঙ্কার ডেস্ক: আকাশে উড়তে উড়তেই হয়ে গেল একেবারে লাইভ কনসার্ট। ইন্ডিগোর এক বিমানে সোনু নিগমকে দেখতেই যাত্রীরা হঠাৎ করে তাঁর গাওয়া গান গাইতে শুরু করেন। আর সেই সুরে তাল মিলিয়ে নিজেও গেয়ে উঠলেন সোনু। সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গায়ক নিজেই। আর তা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভিডিওতে দেখা যাচ্ছে, সিট বেল্টের সাইন অফ হয়ে যাওয়ার পরেও যাত্রীরা নিজেদের আসন ছেড়ে উঠছেন না। সকলেই যেন অপেক্ষা করছেন, এবার শুরু হবে শো। শেষ পর্যন্ত যাত্রীদের আবদারে গলা মেলালেন সোনু। একে একে গাইলেন ‘ম্যায় হুঁ না’, ‘তুঝে লাগে না নজরিয়া’, ‘কল হো না হো’, ‘ম্যায় আগর কহুঁ’-র মতো জনপ্রিয় গান। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে সোনু লিখেছেন, ভালোবাসা দিয়ে ভরা এমন মুহূর্ত স্বপ্নেই হয়। সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তবে এবার একটা বিষয়ে খুব সতর্ক ছিলেন সোনু। বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করেননি তিনি। কারণ এর আগের এক ঘটনায় ওই সিস্টেমে গান গেয়ে বিপাকে পড়েছিলেন ক্রুরা।
২০১৬ সালে এক ফ্লাইটে পিএ সিস্টেমে গান গেয়েছিলেন সোনু। যাত্রী ও ক্রুরা উপভোগ করলেও বিষয়টি ভালোভাবে নেয়নি বিমান কর্তৃপক্ষ। ভিডিও ভাইরাল হওয়ার পর জেট এয়ারওয়েজের পাঁচজন ক্রুকে সাসপেন্ড করা হয়। তখন এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন সোনু। তাঁর বক্তব্য ছিল, সিট বেল্টের সাইন অফ থাকা অবস্থায় গান গাওয়ার জন্য ক্রুদের শাস্তি দেওয়া আনন্দ ছড়ানোর জন্য শাস্তি দেওয়ার মতোই।
এবার তাই বিমান অবতরণের পরেও পিএ সিস্টেমে হাত দেননি তিনি। নিজেই লিখেছেন, ইন্ডিগোর দারুণ ক্রুদের কথা ভেবেই এবার কোনও ঝুঁকি নেননি।