ওঙ্কার ডেস্ক: নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য, ভোটারদেরকে আশ্বস্ত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে পুলিশের রুটমার্চ। জেলাশাসক বিজিন কৃষ্ণ ও পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে দাঁড়িয়ে থেকে এই কাজ সামলাতে দেখা যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে ভয়মুক্ত ও হিংসামুক্ত পরিবেশে ভোট গ্রহণের আশ্বাস দেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এদিন সকাল প্রায় দশটা নাগাদ জেলা শাসক বিজিন কৃষ্ণকে সঙ্গে নিয়ে কেশপুরের স্থানীয় বাজার এলাকায় ঘুরে দেখেন এসপি পাপিয়া সুলতানা, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক। কেশপুর বাজারে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন পুলিশ সুপার পাপিয়া বলেন, “এবার কেশপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হবে। কোথাও কোনও সমস্যা হলে আমাদের টোল-ফ্রি নম্বর বা আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করুন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে।”