ওঙ্কার ডেস্ক: জোরালো ভূমিকম্পে শুক্রবার সকালে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই প্রাকৃতিক বিপর্যয়ে তিন জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে। সেদেশের রাজধানী শহর ঢাকা এবং নরসিংদী, গাজীপুরে জখম হয়েছেন অন্তত ৫০ জন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত তিন জনের মধ্যে দুজনের নাম জানা গিয়েছে। এক জনের নাম রাফিউল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের পড়ুয়া। আরেক জনের নাম সবুজ। ৩০ বছর বয়স ওই যুবকের। পাশাপাশি মৃত্যু হয়েছে ৮ বছর বয়সী এক শিশুরও। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বাংলাদেশের শ্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, একটি বহুতলের রেলিং ভেঙে পড়ে তিন জনের মৃত্যু হয়।
উল্লেখ্য, শুক্রবার সকালে হওয়া ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস স্থল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে শুক্রবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এপার বাংলায় ক্ষয়ক্ষতি তেমন না হলেও বাংলাদেশে বহুতল ধসে পড়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
