অর্পিতা মুখার্জী, কলকাতা: ভোটার তালিকা সংশোধন ও নতুন নাম তোলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন, অর্থাৎ SIR প্রক্রিয়ায় ফর্ম-৬ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কমিশন।
কমিশন জানিয়েছে, যাঁদের নাম আগে ভোটার তালিকায় ছিল কিন্তু SIR-এর খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা নতুন করে নাম তোলার জন্য ফর্ম-৬ জমা দিলে কোনও ভয় নেই। নিজেকে প্রথমবারের ভোটার হিসেবে ঘোষণা করলেও তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
সাধারণত প্রথমবার ভোটার হওয়ার জন্যই ফর্ম-৬ ব্যবহার করা হয়। কিন্তু SIR-এর আবহে ফর্মের ঘোষণাপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ৩১ নম্বর ধারা অনুযায়ী, ভোটার তালিকা নিয়ে মিথ্যা ঘোষণা করলে এক বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। এই বিষয়ে মহারাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্টও মৌখিক ভাবে জানিয়েছিল, নাম বাদ যাওয়ায় কেউ ফর্ম-৬ জমা দিলে শুধু সেই কারণে তাঁকে হেনস্তা করা যাবে না। তার পরেও অনেকের মনে ভয় ছিল, আগে নাম থাকার পর ফের নিজেকে নতুন ভোটার বললে তা মিথ্যা তথ্য হিসেবে ধরা হবে কি না। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও সরব হয়েছিল।
এই বিভ্রান্তি কাটাতেই মঙ্গলবার নির্বাচন সদন থেকে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, এই বিশেষ ক্ষেত্রে ভোটারদের ঘোষণাকে মিথ্যা হিসেবে গণ্য করা হবে না এবং কোনও আইনি পদক্ষেপও হবে না।
তবে কমিশন একটি শর্তও দিয়েছে। আবেদনকারীর নাম অন্য কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় থাকা চলবে না। এই ছাড় শুধুমাত্র বাদ পড়া নাম ফিরে পাওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। বিষয়টি যাতে সবাই বুঝতে পারেন, তার জন্য স্থানীয় ভাষায় এই নির্দেশিকা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে সিইও-দের।