ওঙ্কার ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ে না তাঁর। মুখ খুললেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। কখনও নিজের নামে মন্দিরের কথা বলে ট্রোল হয়েছেন নেটপাড়ায়। কখনও আবার কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরে কটূক্তির শিকার হয়েছেন। এবার নতুন দাবি নিয়ে উর্বশী, লন্ডনে নাকি তাঁর ব্যাগ চুরি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার নিজেই এই দাবি করেছেন অভিনেত্রী।
কিছু দিন আগেই মুম্বই থেকে গিয়েছিলেন উইম্বলডনে। তখনই নাকি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে চুরি হয়ে যায় তাঁর দামি ব্যাগ। ইতিমধ্যেই নিজের বিমানের বিশদ বিবরণ দিয়ে সেই ব্যাগ ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন এবং জরুরি পদক্ষেপ করার দাবি করেছেন তিনি। নামী ব্র্যান্ডের সেই ব্যাগের ছবি শেয়ার করেছেন উর্বশী। সেই সঙ্গে বিমানের টিকিটের ছবিও পোস্ট করেছেন তিনি। বিমান সংস্থার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে উর্বশী লিখেছেন, “অবিচার সহ্য করার অর্থ, ফের অবিচার হতে দেওয়া।” তবে বিমানবন্দর বা বিমান সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ১৩ জুলাই উম্বলডন গিয়েছিলেন উর্বশী। তাঁর পরনে ছিল সাদা রঙের একটি ঘেরওয়ালা পোশাক। তবে সেদিন নজর কেড়েছিল উর্বশীর বাদামি রঙের বহুমূল্য হাতব্যাগ। কারণ ব্যাগের সঙ্গে চারটি লাবুবু পুতুল জুড়ে দিয়ে তিনি ব্যাগের সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছিলেন। লাবুবু পুতুলগুলি আসল না কি নকল, তা নিয়েও বিতর্কে পড়েছিলেন উর্বশী। উর্বশীকে চলতি বছরের শুরুতে দেখা গিয়েছে ‘ডাকু মহারাজ’ ছবিতে। সেই ছবিতে প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণনের সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নাচ করে বিতর্কে পড়েছিলেন অভিনেত্রী।
