ওঙ্কার ডেস্ক: আগেই জানা গিয়েছে চলতি বছর শীতে আসতে চলেছে গা ছমছমে ভূতের ছবি। উইনডোজ প্রোডাকাশনের প্রযোজনায় অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার পর্দায় জমবে ভূতেদের আড্ডা। আসলে এই বড়দিনে বড়পর্দায় আসবে ভূতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। বড়দিনের মরশুমে এই ছবি মুক্তি পেলেও ভূত চতুর্দশীতে প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।
প্রকাশ্যে আসা সেই পোস্টারে দেখা গিয়েছে একটি প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। আর তার সঙ্গে দেখা যাচ্ছে ছবির দুই জুটিকে। একদিকে বনি-স্বস্তিকা ও অন্যদিকে সোহম-মিমি। মোশন পোস্টারের আবহও জুড়ে গা ছমছমে ব্যাপার রয়েছে।
হরর-কমেডি ঘরানার এই ছবিতে ভয় ও রহস্য দুই উপাদানই ভরপুর রয়েছে। ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে। উইন্ডোজ-এর সঙ্গে এই প্রথমবার নন, এর আগেও কাজ করেছেন পরিচালক। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই ‘বাবা বেবি ও’র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি। যার নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা।
