ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় নায়ক-নায়িকার সংসার ভাঙার গল্প চলতেই থাকে। কেউ প্রকাশ্যে আনেন নিজেদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ। আবার কেউ আড়ালেই রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অনুরাগী মহলে কৌতূহলের তো শেষ নেই। তাই তারকাদের জীবনের ছন্দপতন হলেই টের পান তাঁরা। আর শুরু হয় গুঞ্জন। এবার টলিপাড়ার গুঞ্জনে নাম দুই পরিচিত মুখের, অভিনেতা উদয় প্রতাপ সিং ও অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।
সম্প্রতি অনামিকা চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে উদয়ের সঙ্গে থাকা সমস্ত ছবি মুছে ফেলেন। এরপরই শুরু হয় তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন। অবশেষে এই জল্পনা নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী নিজেই। ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি অনুরাগীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন, কোনও গুজবে যেন তাঁরা গুরুত্ব না দেন। বিচ্ছেদের খবরকে একেবারে উড়িয়ে দেন অনামিকা। অভিনেত্রী লেখেন, ‘কিছু তো লোকেরা বলবেই, কারণ লোকেদের কাজই হল নানা কথা বলা। দর্শক ও আমার কাছের মানুষের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিত্তিহীন গুজবে কান দেবেন না। ভগবান আপনাদের মঙ্গল করুক।’
এই মুহূর্তে উদয়কে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই মেগায় প্রথমবার নায়কের চরিত্রে রয়েছে উদয়কে। অন্যদিকে, অনামিকাকেও বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধারাবাহিকে দেখেন দর্শক। ‘এখানে আকাশ নীল’-এর পরে বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেলেও সেভাবে নায়িকার চরিত্রে আর দেখা যায়নি। অনামিকা চক্রবর্তীকে শেষবার দেখা গিয়েছিল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। তবে তারকাযুগলের বিবাহবিচ্ছেদের খবর অনুরাগীদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ।
