ওঙ্কার ডেস্ক: শিশুশিল্পী হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অরিত্র দত্ত বণিক। ডান্স বাংলা ডান্স-এর সঞ্চালনা হোক বা বাংলা ছবি, ছোট থেকেই অরিত্র বরাবরই নজর কেড়েছে সকলের। তবে সেই ছোট্ট অরিত্র এখন ক্যামেরার পিছনেই বেশি কাজ করেন। বেশিরভাগ ক্ষেত্রে দর্শক অরিত্রকে চিনেছেন কৌতুক অভিনেতা হিসাবেই। তবে এবার খবর বলছে পর্দায় ছক ভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেতা।
অরিত্রর কেরিয়ারে সবকটি চরিত্রই দর্শক মনে জায়গা পেয়েছে। প্রতিটি চরিত্রই যেন দর্শকের মনের কাছাকাছি। তাই পর্দায় অরিত্রর আনাগোনা কমলেও তাঁর অনুরাগী সংখ্যা মোটেই কমেনি অভিনেতার। সমাজমাধ্যমে দারুণ পরিচিত অরিত্র। তাই নেটিজেনরাও তাঁর পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন। বহু বছর পর আবারও টলিউডের ক্যামেরার সামনে আসতে চলেছে অরিত্র। তবে এবার কোনও ছবি নয়, হইচই-এর আগামী সিরিজে দেখা যেতে পারে অভিনেতাকে। অদিতি রায়ের আগামী সিরিজ ‘অনুসন্ধান’। সেখানে মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই সিরিজে কারাগারে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর কাহিনি যেমন থাকবে। অন্যদিকে, পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজের মুখ্য চরিত্রে একেবারে অন্য অবতারে ধরা দিতে চলেছেন শুভশ্রী। এখানেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিত্রকে।
গল্পের মোড়ে থাকছেন এক ঝাঁক টলি তারকারা। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত। এছাড়াও থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায় ও স্বাগতা মুখোপাধ্যায়কে। এই সিরিজের চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। ‘অনুসন্ধান’-এর হাত ধরে বহু বছর পর অভিনয়ে দেখা যাবে অরিত্রকে। এই সিরিজের হাত ধরে নতুন করে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত অরিত্র। ইতিমধ্যেই চলছে শুটিং শুরুর প্রস্তুতি। পুজোর আগেই হইচই-এ মুক্তি পাবে এই সিরিজ। বরাবরই অদিতি রায়ের পরিচালনায় নারী শক্তির জয়জয়কারের সাক্ষী থেকেছেন দর্শক। এই সিরিজেও যে তারই প্রভাব থাকবে, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, আরও এক নারী প্রধান গল্পে দর্শক দেখতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এর আগেও হইচই-এর ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দর্শক দেখেছিলেন অভিনেত্রীকে। এরপর আবারও এক হইচই-এর সিরিজে দেখা যেতে চলেছে তাঁকে। এবার আরও একবার নিজেকে একেবার ছক ভাঙা চরিত্রে তুলে ধরতে প্রস্তুত অভিনেত্রী। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর পুজোর আগেই দেখা যাবে ‘অনুসন্ধান’।
