ওঙ্কার ডেস্ক: রহস্য আর খুনের মোড়কে গল্প আসছে এবার ওয়েব সিরিজের পর্দায়! ডারশু ওটিটি’তে (DARSHOO OTT) হাজির হয়েছে বাংলার অন্যতম সাড়া জাগানো ক্রাইম থ্রিলার সিরিজ – ‘সন্ধ্যে নামার পরে’। এটি এমনই এক কাহিনি, যা আগ্রহ আর শিহরণে ভরপুর করে তুলবে প্রতিটি মুহূর্তকে।
সম্প্রতি থ্রিলারধর্মী ছবি বা সিরিজ দেখা যাচ্ছে। তবে এই সিরিজে কলকাতায় খুনের স্রোতে কেঁপে উঠছে শহর! খুনের শিকার হচ্ছেন একের পর এক মহিলা, এক জন আইটি কর্মী অপরজন প্রাইমারী স্কুল শিক্ষিকা। খুনির অদ্ভুত চিহ্ন প্রতিটি মৃতদেহ থেকে বাঁ চোখ উপড়ে নেওয়া আর সারা শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে লাল রঙ!
সিরিজটি শুধু খুন আর খুনির খেলার গল্প নয়, এটি এমন এক মিশ্রণ যেখানে রয়েছে রোমান্স, সাসপেন্স আর মানবমনের অজানা অন্ধকার দিকের খোঁজ রয়েছে। অমৃতা চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, সোমরাজ মাইতি, প্রান্তিক ব্যানার্জী এবং রানা বসু ঠাকুরের অসাধারণ অভিনয় আর তুহিনের সিনেমাটোগ্রাফিতে তৈরি হয়েছে এই রহস্যময় কাহিনি। অন্যদিকে, মোহর লাহিড়ী, ইরাবতি সান্যাল, ওয়াসিম আহমেদ এবং রাইমা রায়কে নেতৃত্বে রেখে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৎপর খুনির খোঁজে। অ্যাডিশনাল পুলিশ কমিশনার রণজয় সেনগুপ্তের তত্ত্বাবধানে এগোতে থাকে এই তদন্ত, আর এর সাথেই ধীরে ধীরে জমতে থাকে ইন্দ্রজিৎ আর ইরাবতির সম্পর্কের কাহিনিও!
খুনের অজানা রহস্য আর মনের গভীরে চাপা থাকা টানটান কাহিনি নিয়ে নতুন সিরিজ ‘সন্ধ্যে নামার পরে’। ছয়টি পর্বে জুড়ে রয়েছে নানান চমক, প্রতিটি খুনের পেছনে থাকা অজানাকে গল্পকে নিয়েও থাকবে উত্তেজনা!
