সহেলী বিশ্বাস: মুক্তি পেয়েছে সপ্তাশ্ব বসু-র পরিচালনায় ‘দেরি হয়ে গেছে’ ছবি। বহু বছর পর ফের বড় পর্দায় জুটি বেঁধেছেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। ১৯৮২ সালে ‘খারিজ’ ছবিতে প্রথম জুটি বেঁধে গেছিলেন তারকাজুগল। ইতিমধ্যেই এই ছবি পার করেছেন ২৫দিন। স্মৃতি, আবেগ, প্রেম ও রহস্যের মেলবন্ধনে তৈরি এই ছবির গল্প বুনেছেন পরিচালক। ছবির মুখ্য চরিত্রে অভিনয় অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর, সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অপালা চৌধুরী এবং অরিজিৎ দত্ত (দাদুল দা)-কে।
ছবির গল্প অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ঋষিকে ঘিরে, যিনি বহু বছর আগের হারিয়ে যাওয়া প্রেমের টানে ভুয়ো পরিচয়ে বোলপুরে যান সেই চরিত্রে দেখা গিয়েছে অঞ্জন দত্ত এবং সেখানে হোমস্টে মালিক সঙ্ঘমিত্রার মুখোমুখি হন যাঁর ভূমিকায় মমতা শঙ্কর। ১৯৮০-এর দশকের কলকাতায় শুরু হওয়া এক অসমাপ্ত প্রেমের স্মৃতি বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে মিশে ছবির আবেগী পরিসরকে আরও গভীর করে তোলে। সাহিত্য ও শিল্পমনস্ক সায়ন্তী চরিত্রে অপালা চৌধুরী গল্পে নিয়ে আসেন এক নরম, সংবেদনশীল আবহ, আর ঋষির বন্ধু ও প্রাক্তন পুলিশ অফিসার ত্বরিত চরিত্রে অরিজিৎ দত্ত বন্ধুকে জীবনের নতুন পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগান। জীবনের নানা ক্ষেত্রে দেরি করে ফেলার যন্ত্রণা, অনুশোচনা ও ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাই ‘দেরি হয়ে গেছে’ ছবির মূল সুর, যার ক্লাইম্যাক্সে উজান চট্টোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি যোগ করেছে এক রহস্যময় মোড়।
ছবির সাফল্য প্রসঙ্গে অঞ্জন দত্ত জানিয়েছেন, এই ছবির হৃদয়ে রয়েছে এক নিষ্পাপ আবেগ যা বড় পর্দায় অনুভব করার মতো। মমতা শঙ্করের মতে রহস্যে মোড়া এই প্রেমের গল্প দর্শকদের বহু মুহূর্তে শিহরণ দেবে। এই ২৫দিনের উদযাপনে হাজির হয়েছিলে খোদ মমতা শঙ্কর, অপলা চৌধুরী, এবং প্রযোজক অভিনেতা সুপ্রতীম রায়। এদিন সকল কলাকুশলীরা কেক কেটে সাফল্য উদযাপন করেন।
