ওঙ্কার ডেস্ক: সম্প্রতি অভিনয় কেরিয়ারে কুড়ি বছর পূর্ণ করলেন দেব অধিকারী। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রায় দশ হাজার দর্শক সাক্ষী থাকল সেই বিশেষ সেলিব্রেশনের। একই সঙ্গে সাক্ষী থাকল আরও বেশ কিছু মুহূর্তের যা বাংলার ছবির ইতিহাসে আগে হয়নি।
এদিনের অনুষ্ঠানে দেব নিয়ে এসেছিলেন তাঁর সঙ্গে অতীতে কাজ করা প্রযোজক, পরিচালক, নায়িকাদের। হাজির ছিলেন দুই পোষ্যসহ দেবের গোটা পরিবার, ছোটবেলার বন্ধুরা এমনকি অফিসের কর্মীরাও। কিন্তু দেবের জীবনে সেই বিশেষ মানুষটির অর্থাৎ রুক্মিণী মৈত্রকে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি! যা নিয়ে জল্পনা চললেও দেব নিজেই জানিয়েছেন রুক্মিণীর না আসার কারণ।
তিনি জানান, “রুক্মিণী এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছে। সেখানেই কাজের পর কাজ। আর সেই কারণেই এই অনুষ্ঠানের অংশ হতে পারেনি।”
‘ধূমকেতু’ মুক্তির পর সাধারণের কটূক্তির শিকার হতে হয়েছিল রুক্মিণীকে। নেমে এসেছিল কুৎসিত আক্রমণ। তা সত্ত্বেও রুক্মিণী জানিয়েছিলেন, দেবের পাশেই আছেন তিনি। কদর্য আক্রমণের কারণে প্রকাশ্যেই রুক্মিণীর কাছে ক্ষমাও চেয়েছিলেন দেব। যদিও হাসিমুখে রুক্মিণী জানিয়েছিলেন, ‘দেবকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না।”
