ওঙ্কার ডেস্ক: টলিউডে যেন এখন পুরনো সম্পর্ক গুলো ঝালিয়ে নেওয়ার রীতি। বলা যেতে পাড়ে, পুরনো জুটির কামব্যাকের মরশুম চলছে। বর্তমানে সহজেই দর্শকের বারবার অনুরোধ সোশাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। তাঁরা ফের পুরনো দিনে ফিরতে চান, এমন আবদার বারবার আসতেই থাকে। সেই অনুরোধের মাঝেই টলিপাড়ায় শোনা যাচ্ছে, এবার পুরনো জুটি হিরণ -পায়েলের জুটি বাঁধার কথাও।
তবে সবটাই গুঞ্জন। কানাঘুষো শোনা যাচ্ছে, পরিচালক নেহাল দত্তের ছবিতেই নাকি ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন তাঁরা। যদিও পরিচালক বা অভিনেতা ও অভিনেত্রীর তরফে মুখে কুলুপ এঁটেছেন। এও শোনা যাচ্ছে যে, ইতিমধ্যেই নাকি শুরু হয়েছে ছবির শুটিং। খুব তাড়াতাড়ি ছবির সমস্ত ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে।
প্রসঙ্গত, বড়পর্দা এবং ওয়েব সিরিজ দুই মাধ্যমেই পায়েল সরকারকে অভিনয় করলেও রাজনীতি যোগদানের পরেই বিনোদুনিয়ার সঙ্গে যোগাযোগ কমেছিল হিরণের। রাজনীতি ও স্ত্রী অনিন্দিতার সঙ্গে সুখী গৃহকোণ নিয়েই তিনি ব্যস্ত। ২০২০ সালের পর থেকে সেভাবে আর কোনও ছবিতে অভিনেতাকে পাওয়া যায়নি। এবার ফের তাঁর কামব্যাকের গুঞ্জন শোনা যাচ্ছে। উল্লেখ্য, টলিপাড়ায় সাম্প্রতিককালে ফিরে এসেছে প্রাক্তন জুটি দেব-শুভশ্রী। শুধু তাই নয় ১৫ বছরের বিরতি কাটিয়ে বেশ কয়েক বছর আগে ধরা দিয়েছিলেন টলিপাড়ার বিখ্যাত জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এবার ঠিক সেই আবহেই হিরণ -পায়েলের জুটির প্রত্যাবর্তনের খবরে আনন্দ ও কৌতুহলে ভাসছে টলিপাড়া।
