ওঙ্কার ডেস্ক: ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে চর্চা নিত্যদিন! জীতু কমলের সঙ্গে সমস্যায় সোমবারই ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। গত সাত দিন ধরে ধারাবাহিকের সেট নায়িকাহীন থাকার পর ইতিমধ্যেই দর্শকমহলের চর্চায় ‘নতুন অপর্ণা’ শিরিন পাল। তবে নতুন নায়িকাকে নিয়ে সোশাল পাড়ায় একাধিক মত! এবার যাবতীয় বিতর্কের মাঝেই সপ্তাহান্তের সকালে মেগা সিরিয়াল ছাড়ার ঘোষণা করে ফের শোরগোল ফেলেছেন জীতু কমল।
শনিবার সকালে ফেসবুক ভিডিওতে অভিনেতা জানান, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, এটাই আমার শেষ মেগা সিরিয়াল। এরপর আর কোনও ধারাবাহিকে অভিনয় করব না।” আমাদের কলাকুশলী, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের তরফ থেকে একটি লড়াই চলছে। কী সেটা বিস্তারিত বললাম না। তবে আশা রাখছি, আপনারা আমাদের সাথে থাকবেন। যেভাবে পাশে থেকেছেন, আরও কিছুদিন পাশে থাকবেন। আমি চাই দর্শকরা চিরদিনই আমার পাশে থাকবেন এভাবেই।” পাশাপাশি নতুন অভিনেত্রী শিরিনের জন্যেও দর্শকের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছেন তিনি। তিনি বলেন, ” এক নতুন শিল্পীর নতুন পথ চলা। অনুরোধ করছি, ওকে আশীর্বাদ করুন।” শেষে জীতু আবারও একবার বলেন, “এটাই আমার শেষ মেগা সিরিয়াল। আশীর্বাদ করুন, পরবর্তীকালে যে কাজই করি, সেটা যেন মন দিয়ে করতে পারি। আশা করছি, আপনারা পাশে থেকে আমাদের এই যুদ্ধে জেতাবেন।”
জীতুর এই মন্তব্যে আবারও সিরিয়াল নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি শেষের পথে ‘চিরদিনই তুমি যে আমার’? তবে ছোটপর্দায় যে জীতুকে মিস করবেন তাঁর ভক্তমহল, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ২০১৮ সালে টেলিপর্দায় পা রেখেছিলেন জীতু। পরবর্তীতে অনেক সিরিয়ালে তাঁর অভিনীত চরিত্র টেলিদর্শকমহলে জনপ্রিয় হয়েছে। বর্তমানে বড়পর্দাতেও তাঁর কাজের সংখ্যা একাধিক। তবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক যে তাঁর শেষ সিরিয়াল, সেটা নিশ্চিত করেছেন জীতু কমল।
