ওঙ্কার ডেস্ক: প্রায় একমাস যাবৎ সমস্যায় ছিল জি বাংলার অন্যতম ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। প্রশ্নের মুখে পড়েছিল ধারাবাহিকের ভবিষ্যৎও। তবে সেসব জল্পনা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে এই ধারাবাহিক। নতুন নায়িকাকে নিয়ে এগিয়ে চলেছে গল্প। অভিনেতার সঙ্গেও যে সমস্যা তৈরি হয়েছিল সেটা মিটেছে। কিন্তু এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতু কামালের লিখলেন, ‘অতি রিক্ত করে’?
প্রসঙ্গত, শুক্রবার মধ্যরাতে একটি ইঙ্গিতবহ পোস্ট করেন জিতু কামাল। ফেসবুকের পাতায় অভিনেতা তাঁর সেই পোস্টে লেখেন, ‘অতিরিক্ত কোন কিছুই ভাল নয়। না অতিরিক্ত সাহায্য করা, না সাহায্যে নেওয়া। না ভালোবাসা, না অতিরিক্ত সম্মান দেখানো।’ একই সঙ্গে তিনি জানান, তাঁর মতে, ‘অতি রিক্ত করে।’ অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়া। যদিও এর নেপথ্য ঠিক কী কারণ তা এখনও পরিস্কার নয়। যদিও অভিনেতার কথায় এটা নিছকই তাঁর ভাবনা। কিন্তু সেটা মানতে নারাজ অনুরাগীমহল। সেই পোস্টে এক ব্যক্তি লেখেন, ‘এত বেশি ভেবো না। ঘুমাও। আমাদের চিন্তা হয়, যে ছেলেটা কী ভাবছে, কেন ভাবছে এসব?’ কেউ আবার লিখেছেন, ‘সুন্দর অনুভূতি। কিন্তু এই প্রসঙ্গ এল কেন? সব ঠিক আছে তো?’ অনেকেই আবার অভিনেতার এই ভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়ক নায়িকার মধ্যে কিছু জটিলতা তৈরি হয়। নভেম্বর মাসে দিতিপ্রিয়া জানিয়ে দেন যে তিনি আর যুক্ত থাকতে চান না এই ধারাবাহিকের সঙ্গে। পরবর্তীতে সেই জায়গায় আসে নতুন মুখ শিরিন পাল। বর্তমানে দর্শক শিরিন এবং জিতুর জুটিকে দারুণভাবে গ্রহণ করেছে।
