ওঙ্কার ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের প্রেম-পরিণয় নিয়ে অনুরাগীদের বিশেষ কৌতূহল থাকে বরাবরই। তা সে বড়পর্দার তারকাই হোক বা ছোটপর্দা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী জেসমিন রায়ও। ছোটপর্দার অতি পরিচিত মুখ জেসমিন। এর আগে তাঁর প্রেমজীবন নিয়েও কম আলোচনা হয়নি। বারবার বিভিন্ন অভিনেতার সঙ্গে জেসমিনের প্রেম নিয়ে নানা আলোচনা হয়েছে সংবাদের পাতায়। তবে সেসবে একেবারেই পাত্তা দেননি অভিনেত্রী। ভালোবাসায় ভেসে গিয়েছেন। তাঁর জীবনে প্রেম এসেছে চলেও গিয়েছে আবার নানা আলোচনাও হয়েছে। সেই প্রেম আবারও কড়া নেড়েছিল জেসমিনের দরজায়। সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন অভিনেত্রী। এবার নতুন বছরের শুরুতেই প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন জেসমিন।
বছর প্রথম দিনেই প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে চর্চিত সম্পর্কে সিলমোহর দিলেন জেসমিন। প্রেমিকের সঙ্গে তোলা নানা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেখানেই পার্টি লুকে দেখা গেল জেসমিনকে। ব্ল্যাক আউটফিট, পারফেক্ট মেকআপ, হেয়ারস্টালিলে নিউ ইয়ার পার্টিতে মনের মানুষের সঙ্গে মেতে উঠেছিলেন অভিনেত্রী।
যদিও এই প্রেমের শুরু ২০২৫ সালেই। এর আগে প্রেমিকের সঙ্গে এআই সাহায্যে নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে ছবি ভাগ করে নিয়েছিলেন জেসমিন। তবে বছর পয়লাতে দু’জনের আদুরে ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়ে সম্পর্কে সিলমোহর দিলেন জেসমিন। ছবি প্রকাশ্যে আনলেও প্রেমিকের নাম এখনও প্রকাশ করেননি অভিনেত্রী। কানাঘুষো, প্রেমিকের সঙ্গে পুরনো বছরেই বন্ধুত্ব হয় জেসমিনের। এরপর সম্পর্ক। শোনা যাচ্ছে যে, বিয়ের পরিকল্পনাও নাকি করছেন তাঁরা। এখন শুধু সময়ের অপেক্ষা কবে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী।
