ওঙ্কার ডেস্ক: জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক বরাবরই দর্শকের কাছে ভালবাসা পেয়েছে। এবার সেই মেগাতেই আসছে বিরাট চমক। সামনে আসবে রায়ানের স্বপ্নের নায়িকা ওরফে তাঁর প্রেমিকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে, বড়দিনে বাড়িতেই একটা পার্টির আয়োজন করেছে পারুল-রায়ান। সেখানে রায়ানের দিকে চোখ পড়তেই পারুল দেখে রায়ানের হাতে নতুন ঘড়ি।
আর তা দেখার পরই পারুলের সন্দেহ হয় যে, এই ঘড়ি হয়তো মহুল দিয়েছে। পারুল ভাবে সান্টাক্লজের ছদ্মবেশে মহুল হয়তো এই বাড়িতে এসেছে। তাই তাকে দেখতে মরিয়া হয়ে ওঠে পারুল। পারুলের এই কাণ্ড দেখে মনে মনে মজা পায় রায়ান। তবে এবার কি সামনে আসবে মহুলের পরিচয়? প্রোমো দেখে এখন দর্শকের মনে একটাই প্রশ্ন, এই চরিত্রে কাকে দেখা যেতে চলেছে? গল্পে কি নতুন নায়িকা আসবে এবার? টলিপাড়ার অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি এই চরিত্রের জন্য অভিনেত্রী বাছাই পর্ব চলছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই।
এই ধারাবাহিক খুব অল্প দিনেই মন জয় করেছে দর্শকের। পারুল-রায়ানের গল্পের নিত্যনতুন মোড় দেখার অপেক্ষায় থাকেন অনুরাগীরা। পারুল ও রায়ানের রোমান্টিক দৃশ্যও নজর কেড়েছে দর্শকদের। তবে এবার পারুল-রায়ানের দূরত্ব ঘুচে গিয়ে যাতে তাদের মিল হয়, সেই অপেক্ষায় অনুরাগীরা। গল্পের নতুন মোড়ে এবার ঠিক কী হবে, সেদিকেই নজর দর্শক মহল।
