ওঙ্কার ডেস্ক: চারিদিকে ইতিমধ্যেই সাজতে শুরু করেছে। ঢাকে কাঠি পড়তে হাতে আর মাত্র কিছুদিন। তারপরই শুরু হবে বাঙালির সেরা উৎসব শারদোৎসব। আর প্রতিবারের মত সেই শারদোৎসবের সূত্রপাত হবে মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে। তবে শুধুই রেডিওতেই নয়, টেলিভিশনের পর্দাতেও মহালয়ার পুণ্য প্রভাতে মহিষাসুরমর্দিনীর নানা অনুষ্ঠান দেখা যাবে।
ইতিমধ্যেই মহালয়ার ভোরের মহিষাসুরমর্দিনী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নানা মাধ্যমে। এই বছর সান বাংলাতেও অনুষ্ঠিত হতে চলেছে মহালয়া “অকাল বোধন”। বহু বছর পর মহিষাসুরমর্দিনী রূপে আবারও দেখা যাবে পায়েল দে-কে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। পায়েলকে বহুবার দূর্গা রূপে টেলিভিশনের পর্দায় এসেছেন। দর্শকেরাও অভিনেত্রীকে মাঝে কয়েক বছর এই চরিত্রে না পেয়ে প্রশ্নও করেছেন, সেই অপেক্ষার অবসান যে ঘটতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই ভূমিকায় ফের অভিনয় করতে পেরে খুশি অভিনেত্রী নিজেও।
ফের মা দুর্গার ভূমিকায় অভিনয় করতে পেরে আপ্লুত অভিনেত্রী, এ প্রসঙ্গে পায়েল জানান, “আমার সৌভাগ্য যে আমি আবার মহিষাসুরমর্দিনী করতে পারছি। প্রত্যেক নৃত্যশিল্পীর কাছে এটা একটা স্বপ্নপূরণের মত। জীবনে সবাই চায় একবার মহিষাসুরমর্দিনী করতে। যতদূর মনে পরে ২০১৭ সালে কোনও এক চ্যানেলে আমি শেষ মহিষাসুরমর্দিনী করেছিলাম। মাঝে অনেকটা বছর বিরতি। এত বছর পর আবার আমায় সেই সুযোগ করে দেবার জন্য সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জোর কদমে রিহার্সাল চলছে।
