ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রী প্রায়শই ট্রোলিংয়ের শিকার হন। সম্প্রতি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে হাসিমুখের একটি ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন ঋত্বিক। ছবিতে দেখা যাচ্ছে, দু’জন পাশাপাশি হাসিমুখে বসে আছেন, গল্পসল্প করছেন। সেই আড্ডার এক ফাঁকেই এই ছবি তোলা। ছবির সঙ্গে ঋত্বিকের ক্যাপশনটিও ভারী মজাদার- “কে শিল আর কেই বা নোড়া? যখন এক ফ্রেমে একেন গোরা”।
বড়পর্দা এবং ওটিটি দুই জায়গাতেই অনির্বান অভিনীত গোয়েন্দা একেনবাবু চরিত্রটি দারুণ প্রিয় দর্শকমহলে। আবার অন্যদিকে, ঋত্বিক অভিনীত খানিক পাগলাটে অথচ বুদ্ধিদীপ্ত, ভুলো মনের গোয়েন্দা চরিত্র গোরা-কে নিয়েও বেশ আগ্রহ রয়েছে দর্শকমহলে। সেই সুবাদেই নিজেদের গোরা এবং একেন বলে সম্বোধন করেছেন ঋত্বিক। সেই পোস্টেই ধেয়ে এল কটাক্ষ। সেই পোস্টের একজন মন্তব্য করেন, টালিগঞ্জের অনেক অভিনেতাই এখন একেনবাবুকে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করছে। সেখানে পাল্টা বলতে ছাড়েননি ঋত্বিক। বরাবরই স্পষ্টবক্তা অভিনেতা। তিনি উত্তরে লিখলেন, “আর আপনি? টালিগঞ্জকে ভর দিয়ে সোজা হওয়ার প্ল্যান করছেন?” সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজিও। আর সেই পোস্ট সমাজমাধ্যমে বর্তমানে ভাইরাল।
