ওঙ্কার ডেস্ক: অনির্বাণ ভট্টাচার্য্যর ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে প্রথমবার জুটিতে দেখা গিয়েছিল অভিনেতা সত্যম ভট্টাচার্য ও অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রশংসিত হয়েছিল সত্যম-সুরঙ্গনার জুটিও। এরপর কিছুদিন আগেই পরিচালক রোহন সেনের ছবি ‘শেষবেলা’য় ফের জুটি বাঁধছেন তাঁরা। ছবির শুটিংও হয়ে গিয়েছে। এবার খবর, বড়পর্দার পর ওটিটিতে একফ্রেমে ধরা দেবেন সত্যম-সুরঙ্গনা।
জানা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি সিরিজে একসঙ্গে দেখা যেতে চলেছে তাঁদের। তবে এবার আর জুটি হিসেবে নয়, তবে গল্পে একফ্রেমে থাকবেন তাঁরা। সিরিজের পরিচালনায় রয়েছে জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় আসছে নতুন ভৌতিক ঘরানার সিরিজ ‘নিশির ডাক’। সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুরঙ্গনা ও সৃজা দত্ত। এই গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যম। সিরিজে তিনি গায়কের চরিত্রে। তাঁর সঙ্গে কীভাবে জুড়ে যাবে এই সিরিজের গল্প, তা এখনও রহস্যে। এবার চেনা ছকের বাইরে পরিচালক। ভৌতিক ঘরানার গল্পে নিয়ে ময়দানে আসতে চলেছেন জয়দীপ মুখোপাধ্যায়।
বড়পর্দায় নয়, ওটিটিতেই এই পথ চলার শুরু করছেন তিনি। পরিচালকের ফ্রেমে এবার ধরা দেবে গা ছমছমে সব মুহূর্তরা! ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজ। পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে এক ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হবে। তারপর কীভাবে সেখানে থেকে উদ্ধার হবে তারা? প্রসঙ্গত, এই সিরিজের ঘোষণা আগেই হয়েছিল। সামনে এসেছে সুরঙ্গনা ও সৃজার চরিত্রের প্রথম ঝলকও। তবে বাকি চরিত্রদের এখনই সামনে আনেননি পরিচালক। কিছুটা রহস্যেই রেখেছেন নিজের সিরিজকে। আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘নিশির ডাক’।
উল্লেখ্য, উৎসবের মরশুমে দর্শকের জন্য জমকালো আয়োজন করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সব সিরিজের রিলিজ। সঙ্গে থাকছে বহু প্রতীক্ষিত সিরিজের নতুন সিজন ও ফাইনাল সিজন।
