ওঙ্কার ডেস্ক: বাড়িতেই ছিলেন, নিশ্চিন্তে বসে টেলিভিশন দেখছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। সেকেন্ডের মধ্যে যে এমন ঘটে যেতে পারে তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। স্বামী ইন্দ্রনীল মল্লিক এখনও আতঙ্কিত। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং সদ্য শেষ করেছেন সায়ন্তনী। আপাতত ছুটিতেই ছিলেন। আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয়। পরীক্ষা করে দেখা গিয়েছে ‘ব্রেন স্ট্রোক’ হয়েছে অভিনেত্রীর।
প্রসঙ্গত, বুধবার ঘটেছে এই ঘটনা। অভিনেত্রীর স্বামী জানালেন, শারীরিক কোনও অসুস্থতা ছিল না সায়ন্তনীর। একেবারে সুস্থ মানুষ। হঠাৎ ‘ব্রেন স্ট্রোক’ কী করে হল, তা এখনও কিছু জানা যায়নি। অভিনেতা যোগ করেন, “গতকাল অভিনেত্রী ছাড়া পেয়েছে হাসপাতাল থেকে। কড়া নিয়ম নেই তেমন। কিন্তু, আগামী ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।” ভাগ্যিস শুটিংয়ে গিয়ে কিছু হয়নি, এই কথাই বার বার বলছেন ইন্দ্রনীল। স্টুডিয়োয় গিয়ে কিছু হলে আরও বেশি সমস্যায় পড়তে হত। তাই অভিনেতার বক্তব্য, “ভগবান রক্ষা করেছেন আমাদের।”
ইনস্টাগ্রামের পাতায় হাসপাতালের একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সায়ন্তনী। যে ছবিতে দেখা যাচ্ছে, ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সায়ন্তনী। মুখে-চোখে অসুস্থতার ছাপ স্পষ্ট। অভিনেত্রী লেখেন, “তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।” আপাতত, আগামী কয়েকটা দিন বাড়িতেই থাকবেন অভিনেত্রী।